দেশজুড়ে

পুলিশ ক্লিয়ারেন্সের টাকা নিলে চাকরি করতে পারবে না: পুলিশ সুপার

ফেনীর নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা নিলে এ জেলায় চাকরি করতে পারবে না। তবে বিষয়টি খতিয়ে দেখতে হবে-টাকাটা কোনো কম্পিউটার দোকান নিচ্ছে, নাকি পুলিশের কেউ নিচ্ছে। এ বিষয়ে আপনাদেরও নজর রাখতে হবে।

Advertisement

মঙ্গলবার (১৬ জুন) সকালে ফেনীতে কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় ও পরিচিতি সভায় ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার এসব কথা বলেন।

সভায় নবাগত পুলিশ সুপারকে ফেনীর সামগ্রিক বিষয়ে ধারণা দেন সাংবাদিকরা।

বক্তব্যকালে পুলিশ সুপার আরও বলেন, ফেনীর মানুষকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করবো। যাতে করে ফেনীর মানুষ আমাকে নিয়ে খুশি থাকতে পারে। এ জেলায় অপরাধ করে কেউ ছাড় পাবে না এবং আর কোনো নিরীহ লোককে ফাঁসানো হবে না। এই গ্যারান্টি ফেনীর মানুষকে দিচ্ছি। থানায় থানায় পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পুলিশ অথবা বাহিরের কেউ টাকা নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

তিনি আরও বলেন, মাদকের চাহিদা থাকায় এটি বন্ধ করা যাবে না। তবে এটি নিয়ন্ত্রণে সর্বোচ্চ কাজ করবে পুলিশ। কিশোর গ্যাং নিয়ন্ত্রণের জন্য পরিবার ও সমাজ থেকে সহযোগিতা নিয়ে পুলিশ কাজ করবে।

এসময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সাইফুল ইসলাম, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ ফেনীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আবদুল্লাহ আল-মামুন/এএইচ/এএসএম

Advertisement