খেলাধুলা

অস্ট্রেলিয়া অধিনায়কের আশা, অন্তত টি-টোয়েন্টি জিতবেন

বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। এই সিরিজেই ২১ বছর পর অস্ট্রেলিয়াকে ওয়ানডে হারানোর পর প্রথমবারের মতো সিরিজ জয় করেছে টাইগাররা। তবে ওয়ানডে সিরিজ হারলেও আত্মবিশ্বাস হারাচ্ছেন না সফরকারীরা। অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শের বিশ্বাস, টি-টোয়েন্টি সিরিজটা অন্তত জয় করে দেশে ফিরতে পারবেন তারা।

Advertisement

আগামীকাল (বুধবার) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে দুপুর ২টায়। ওয়ানডে সিরিজে চোটের কারণে বাইরে থাকলেও টি-টোয়েন্টি সিরিজের আগে ফিট হয়ে উঠেছেন অসি অধিনায়ক মার্শ।

ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টি সিরিজের আগে দলকে কিভাবে অনুপ্রাণিত করছেন মার্শ। এমন প্রশ্নে তার উত্তর, ‘আমাদের দলে বেশ কিছু পরিবর্তন এসেছে। নতুন কয়েকজন ক্রিকেটার যোগ দিয়েছে। ছেলেরা এই সিরিজের জন্য মুখিয়ে আছে। নিঃসন্দেহে সফরটা কঠিন গেছে, কিন্তু আমরা অনেক আশা নিয়ে এই সিরিজে নামছি। আশা করছি সিরিজ জিততে পারব এবং ভালো ক্রিকেট খেলতে পারব।’

ওয়ানডে সিরিজ শেষে অস্ট্রেলিয়ার কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার দেশে ফিরে গেছেন। তবে এটিকে দুর্বলতা হিসেবে দেখছেন না তারা। বরং অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে গড়া দল নিয়েই আত্মবিশ্বাসী সফরকারীরা। মার্শ বলেন, ‘নিঃসন্দেহে আমাদের দলে কিছু অভিজ্ঞ ক্রিকেটার ফিরেছে। একই সঙ্গে নতুন মুখও আছে, কয়েকজন তরুণ ক্রিকেটারও আছে যারা দলে দারুণ প্রাণশক্তি যোগ করবে। বাংলাদেশের বিপক্ষে খেলার এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার অপেক্ষায় আছি।’

Advertisement

এসকেডি/আইএইচএস/