অনেকের মধ্যেই দর্শন বিষয়ে ভুল ধারণা আছে। আমাদের স্বভাবজাত আচরণ হলো, কোনো বিষয় ভালোভাবে না জেনে মন্তব্য করা। আসলে আমাদের ভাবনা আর বাস্তবতা দুটো ভিন্ন বিষয়। দর্শন হলো জগৎ ও জীবনের মৌলিক সমস্যাবলির যৌক্তিক অনুসন্ধান। দর্শন মানবজীবনের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ জ্ঞানশাখা।
Advertisement
মানুষ, সমাজ, জগৎ, সত্য, ন্যায়, জ্ঞান ও মূল্যবোধ সম্পর্কে মৌলিক প্রশ্নের উত্তর অনুসন্ধানই দর্শনের মূল কাজ। আমাদের সমাজে দর্শন বিষয়ে নানা ধরনের ভুল ধারণা ও প্রচলিত ভ্রান্ত বিশ্বাস আছে। এসব ভুল ভাবনার কারণে অনেকেই দর্শনের প্রকৃত গুরুত্ব ও উপযোগিতা উপলব্ধি করতে পারেন না।
দর্শন সম্পর্কে সবচেয়ে প্রচলিত ভুল ধারণা হলো—দর্শন কেবল কল্পনাপ্রসূত চিন্তা বা অবাস্তব তর্কের বিষয়। অনেকে মনে করেন, দর্শনের সঙ্গে বাস্তব জীবনের কোনো সম্পর্ক নেই। অথচ সত্য হলো, দর্শন মানুষের চিন্তাশক্তি, যুক্তিবোধ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করে। ন্যায়-অন্যায়, ভালো-মন্দ কিংবা সত্য-মিথ্যার পার্থক্য নির্ণয়ে দর্শনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুন বিসিএসে প্রথম পছন্দের ক্যাডারই পেয়েছেন মনিরআরেকটি ভুল ধারণা হলো—দর্শন পড়লে কর্মসংস্থানের সুযোগ কমে যায়। বাস্তবে দর্শনের শিক্ষার্থীরা বিশ্লেষণধর্মী চিন্তা, সমস্যা সমাধান, যুক্তি প্রয়োগ এবং কার্যকর যোগাযোগের দক্ষতা অর্জন করেন। এসব দক্ষতা শিক্ষা, প্রশাসন, গণমাধ্যম, গবেষণা, আইন, করপোরেট ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত মূল্যবন। বিশ্বের বহু খ্যাতিমান নেতা, বিজ্ঞানী ও চিন্তাবিদ দর্শনের শিক্ষার্থী ছিলেন। আমার পরিচিত অনেকেই তাদের কর্মস্থলে সুনামের সাথে কাজ করছেন।
Advertisement
অনেকে মনে করেন, দর্শন শুধু ধর্ম বা নাস্তিকতা নিয়ে আলোচনা করে। এটি একটি সংকীর্ণ ধারণা। দর্শনের পরিধি অনেক বিস্তৃত। জ্ঞানতত্ত্ব, নীতিশাস্ত্র, যুক্তিবিদ্যা, রাষ্ট্রদর্শন, বিজ্ঞানদর্শন, ভাষাদর্শন, পরিবেশদর্শনসহ অসংখ্য শাখা দর্শনের অন্তর্ভুক্ত। তাই দর্শনকে কোনো একটি বিশেষ মতবাদ বা বিশ্বাসের মধ্যে সীমাবদ্ধ করা যায় না।
আরেকটি প্রচলিত ভুল ধারণা হলো—দর্শন খুব কঠিন ও সাধারণ মানুষের জন্য নয়। যদিও দর্শনের কিছু বিষয় গভীর ও জটিল হতে পারে, তবে এর মূল উদ্দেশ্য হলো মানুষের স্বাভাবিক প্রশ্নগুলোর যুক্তিসঙ্গত ব্যাখ্যা খোঁজা। প্রতিদিনের জীবন, সামাজিক সম্পর্ক, নৈতিক সিদ্ধান্ত এবং মানবিক মূল্যবোধের সঙ্গে দর্শন ওতপ্রোতভাবে জড়িত।
আরও পড়ুন বই আলোচনা / হাজী মহম্মদ মহসিন: অনন্য জীবনকথাকেউ কেউ মনে করেন, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে দর্শনের প্রয়োজন নেই। কিন্তু বিজ্ঞান আমাদের জানায় ‘কী’ এবং ‘কীভাবে’, আর দর্শন অনুসন্ধান করে ‘কেন’। কৃত্রিম বুদ্ধিমত্তা, জিন প্রযুক্তি, পরিবেশ সংকট কিংবা মানবাধিকারের মতো সমসাময়িক বিষয়ে নৈতিক ও বুদ্ধিবৃত্তিক দিকনির্দেশনা দিতে দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক।
সুতরাং দর্শন নিয়ে প্রচলিত ভুল ভাবনাগুলো দূর করা প্রয়োজন। দর্শন কেবল একটি একাডেমিক বিষয় নয়; এটি মানুষের চিন্তা, বিচার ও মূল্যবোধ গঠনের একটি শক্তিশালী মাধ্যম। যুক্তিনির্ভর, মানবিক ও সচেতন সমাজ গঠনে দর্শনের গুরুত্ব অপরিসীম। তাই দর্শনকে অবহেলা না করে এর প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা আমাদের দায়িত্ব।
Advertisement
এসইউ