অর্থনীতি

আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে বাংলাদেশে ‘এমটি নিনেমিয়া’

সৌদি আরব থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল নিয়ে বাংলাদেশে এসেছে ট্যাংকার জাহাজ ‌‌‌‘এমটি নিনেমিয়া’। বুধবার (১৭ জুন) দুপুরে চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়া অ্যাংকরে নোঙর করেছে জাহাজটি।

Advertisement

জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মহাব্যবস্থাপক (চার্টারিং অ্যান্ড ট্র্যাম্পিং) ক্যাপ্টেন মো. মুজিবুর রহমান।

এর আগে ৬ মে প্রথম দফায় এক লাখ টন ক্রুড নিয়ে বাংলাদেশে আসে জাহাজটি। ওই তেল খালাস করার পর পুণরায় গিয়ে সৌদি আরবের ইয়ানবু থেকে আরও এক লাখ টন ক্রুড অয়েল নিয়ে দেশে আসে।

তার আগে গত ২১ মে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা থেকে এক লাখ টন মারবান লাইট ক্রুড নিয়ে আসে ‌‌‘এমটি ফসিল’ নামের আরেকটি ট্যাংকার জাহাজ।

Advertisement

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মালিকানাধীন একমাত্র তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি। এতে পরিশোধনে ব্যবহৃত শতভাগ ক্রুড অয়েল আমদানি করতে হয়। বাংলাদেশ সরকারের সঙ্গে সরকারের (জিটুজি) চুক্তির পদ্ধতিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে এ ক্রুড আমদানি করে।

সৌদি আরব থেকে এরাবিয়ান লাইট ক্রুড এবং আরব আমিরাত থেকে মারবান লাইট ক্রুড আসে। আমদানি করা ক্রুডের শতভাগ পরিবহন করে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এসব ক্রুড পরিবহনের জন্য বর্তমানে আমেরিকান প্রতিষ্ঠান নর্ভিক এনার্জি থেকে চার্টারে জাহাজ ভাড়া নেয় বিএসসি।

এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালিতে নিষেধাজ্ঞা থাকায় ৩ মার্চ থেকে আটকা পড়ে আছে এক লাখ টন ক্রুডভর্তি ‘এমটি নর্ডিক পোলাক্স’। জাহাজটি কখন হরমুজ পাড়ি দিতে পারবে সে বিষয়ে নির্দিষ্ট তথ্য দিতে পারছে না বিএসসি।

এমডিআইএইচ/এমআইএইচএস

Advertisement