দেশজুড়ে

পঞ্চগড়ে আদালতের বারান্দায় আসামির মৃত্যু

পঞ্চগড় আদালতের বারান্দায় ময়নুল হক (৫৯) নামের এক আসামির মৃত্যু হয়েছে। তিনি আটোয়ারী উপজেলার বারো আউলিয়ার বাসিন্দা।

Advertisement

বুধবার (১৭ জুন) দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দোতলার বারান্দার একটি ব্রেঞ্চে মৃত অবস্থায় তাকে দেখতে পায় লোকজন। জমি সংক্রান্ত মামলার প্রধান আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে আসেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা দিতে এসেছিলেন ময়নুল। এজলাসের ভেতরে কিছু সময় বসেছিলেন। সেখানে একবার বমি হলে শুয়ে ছিলেন তিনি। দীর্ঘ সময় সাড়া শব্দ না পেয়ে আশপাশে থাকা লোকেরা খোঁজ নিতে গেলে দেখেন তিনি মারা গেছেন। পরে বিষয়টি পুলিশ ও তার পরিবারকে জানানো হয়।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা দীপেন্দ্রনাথ সিংহ বলেন, ‘লাঞ্চে যাওয়ার সময় তাকে ডাকার চেষ্টা করি। পরে লোকজন কাছে গিয়ে দেখেন মারা গেছেন।’

Advertisement

নিহত ময়নুলের ভাতিজা ফয়সাল কবির বলেন, চাচার তেমন কোনো অসুখ ছিল না। আজকে মামলার তারিখ ছিলো। তিনি নিজে মোটরসাইকেল চালিয়ে আদালতে যান। তার বেশ কয়েকটি মামলা চলমান ছিলো। হঠাৎ আমরা খবর পাই তিনি মারা গেছেন।

কোর্ট পরিদর্শক খান মো. শাহরিয়ার বলেন, ‘বেঞ্চে শুয়ে থাকলে দীর্ঘ সময় সাড়া শব্দ না পেয়ে হাসপাতালে পাঠানো হয়। তবে অনেকেই বলছিলেন তিনি বেঞ্চে থাকা অবস্থায় মারা গেছেন।’

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সুমন কুমার বণিক বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

সফিকুল আলম/এএইচ/জেআইএম

Advertisement