জাতীয়

ফোন পেয়ে ঘর থেকে বেরিয়ে নিখোঁজ, পরদিন মিললো মরদেহ

চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নে নিখোঁজ হওয়ার একদিন পর স্বপন বড়ুয়া (৫২) নামের এক স্কুল নৈশপ্রহরীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পশ্চিম বড়ুয়াপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

নিহত স্বপন বড়ুয়া স্থানীয় গৌরচন্দ্র যতীন্দ্র উচ্চবিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। তিনি কদলপুর ইউনিয়নের পশ্চিম বড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে স্বপন বড়ুয়ার মুঠোফোনে একটি কল আসে। এরপর তিনি পরিবারের সদস্যদের জানান, বাড়ির পাশের একটি দোকানে একজন তার সঙ্গে দেখা করতে চেয়েছেন। এ কথা বলে তিনি ঘর থেকে বের হয়ে যান। কিন্তু রাত পেরিয়ে গেলেও আর বাড়ি ফেরেননি।

পরে স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন একটি ধানক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

Advertisement

রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ খোরশেদ বলেন, মরদেহে কিছু জখমের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষপানের পর ছটফট করতে গিয়ে ধানক্ষেতের পাশের কোনো স্থাপনায় আঘাত পেয়ে তিনি রক্তাক্ত হতে পারেন। তবে তাকে ঘর থেকে ডেকে নেওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পাশাপাশি তাকে ফোন করে ডেকে নেওয়ার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

এমআরএএইচ/এমআইএইচএস

Advertisement