খেলাধুলা

আর্জেন্টিনা ও স্পেনও বাজে শুরুর পর চ্যাম্পিয়ন হয়েছিল: পর্তুগাল কোচ

নিজেদের ইতিহাসে কখনো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেনি পর্তুগাল। দুইবার সেমিফাইনাল খেললেও কোনোবার ফাইনালে ওঠা হয়নি। অধরা সেই ট্রফি জয়ের জন্য এবারের বিশ্বকাপে সম্ভাব্য এযাবতকালের সেরা স্কোয়াড নিয়ে খেলতে এসেছে পর্তুগাল। আর বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেই মুদ্রার উল্টোপিঠ দেখতে হলো তাদের।

Advertisement

ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে তারা। ম্যাচে পর্তুগালের হয়ে কোনো প্রভাবই বিস্তার করতে পারেননি রোনালদো। এমন ম্যাড়মেড়ে ম্যাচ খেলে পর্তুগাল কোচ সবাইকে মনে করিয়ে দিলেন, প্রথম ম্যাচ ড্র করেও চ্যাম্পিয়ন হওয়া যায়।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে পর্তুগালের স্প্যানিশ কোচ রবার্তো মার্টিনেজ বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল প্রত্যেক ম্যাচ জেতা। আমাদেরকে শান্ত থাকতে হবে এবং আমাদের শক্তি সামর্থ্যের দিকে নজর দিতে হবে, বিশ্বকাপে যেমনটা হয়। আর্জেন্টিনা ও স্পেনও তাদের বিশ্বকাপের শুরুটা বাজেভাবে করেছিল এবং তারা চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে চাই।’

পুরো ম্যাচের গতিবিধি সম্পর্কে বেলজিয়ামের সাবেক এই কোচ বলেন, ‘আমরা ম্যাচটা ভালোভাবে শুরু করেছিলাম। প্রথমেই গোল পেয়ে যাওয়াতে আমাদের আক্রমণের ধার কমে যায়। আমরা শুধু পজিশনের দিকে লক্ষ্য রাখছিলাম এবং ডি বক্সের ভেতর বল পৌঁছাচ্ছিল না। এটি কঙ্গোকে পুনরায় ম্যাচে ফিরতে ও গোছাতে সাহায্য করে।’

Advertisement

কঙ্গো প্রথমার্ধের একদম শেষ সময়ে সেট পিস থেকে গোল আদায় করে নেয়, যা তাদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম গোল। পর্তুগাল কোচ বলেন, ‘তারা সেট পিসে ভালো করেছে এবং গোল আদায় করে নিয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা বেশ ভালো খেলেছি। আমরা কয়েকবারই ডিবক্সে পৌঁছে তাদের ভয় ধরিয়ে দিয়েছিলাম। এটা বিশ্বকাপের অংশ। গ্রুপ পর্বেই আমাদের গুছিয়ে উঠতে হবে ভুলত্রুটি শুধরে।’

আরআর/এমএমআর