কুমিল্লার নাঙ্গলকোটে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
বুধবার (১৭ জুন) জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
রাত সাড়ে ৮টার দিকে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
অভিযুক্ত দুজন হলেন বক্সগঞ্জ ইউনিয়নের মোল্লাবাড়ির অটোরিকশাচালক রিয়াজ মোল্লা (২১) ও অষ্টগ্রামের ফয়েজ আহমেদ (২৬)।
Advertisement
পুলিশ জানায়, গত সোমবার (১৫ জুন) বিকেলে খালার বাড়ি থেকে নিজেদের বাসায় যাওয়ার জন্য অটোরিকশায় ওঠে ওই শিক্ষার্থী। পথে রিকশাটি নষ্ট হয়ে গেছে জানিয়ে তাকে কৌশলে অন্য একটি রিকশায় তুলে দেন চালক রিয়াজ। এরপর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে এবং ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে বিভিন্ন এলাকায় ঘোরানো হয়। শেষে গভীর রাতে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করেন ফয়েজ, রিয়াজ ও আকরাম।
পরদিন মঙ্গলবার সকালে এলাকাবাসী বিষয়টি টের পেয়ে কিশোরীকে উদ্ধার করে ফেনীতে তার মায়ের কাছে পৌঁছে দেয়। পরে সে বিস্তারিত জানালে তার মা বুধবার সকালে ঘটনাস্থলে এসে ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠিয়েছে।
ওসি জানান, বৃহস্পতিবার (১৮ জুন) কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Advertisement
জেডআইপি/একিউএফ