দেশের সংস্কৃতি অঙ্গনের দুই প্রজন্মের নন্দিত ও বরেণ্য অভিনেত্রী ফেরদৌসী মজুমদার এবং তার কন্যা ত্রপা মজুমদার। আজ একই দিনে জন্মদিন উদযাপন করছেন তারা। দিনটি তাই মজুমদার পরিবারের জন্য যেমন আনন্দের তেমনি সংস্কৃতি অঙ্গনের জন্যও বিশেষ তাৎপর্যপূর্ণ।
Advertisement
একটি সাক্ষাৎকারে ফেরদৌসী মজুমদার জানিয়েছিলেন, জীবনের শুরুর দিকে তিনি জানতেন না মা ও মেয়ের জন্মদিন একই দিনে। পরে কাকতালীয় বিষয়টি জানতে পেরে বেশ চমকে যান তিনি। এরপর থেকেই দিনটি তাদের কাছে আরও বিশেষ হয়ে ওঠে। এখন পরিবার, সহকর্মী এবং সংস্কৃতি অঙ্গনের শুভানুধ্যায়ীদের ভালোবাসায় দিনটি আনন্দঘন হয়ে ওঠে।
১৯৪৩ সালের এই দিনে বরিশালে জন্মগ্রহণ করেন ফেরদৌসী মজুমদার। পৈতৃক নিবাস নোয়াখালী হলেও তার বেড়ে ওঠা ঢাকায়। ১৪ ভাই-বোনের মধ্যে ফেরদৌসী মজুমদারের বড় ভাই ছিলেন শিক্ষাবিদ কবীর চৌধুরী এবং মেজ ভাই শহীদ মুনীর চৌধুরী। রক্ষণশীল পারিবারিক পরিবেশ থেকে উঠে এসে ভাই এবং স্বামী নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদারের অনুপ্রেরণায় সংস্কৃতি অঙ্গনে পথচলা শুরু করেন তিনি।
মুনীর চৌধুরীর উৎসাহে মঞ্চনাটকে যুক্ত হন ফেরদৌসী মজুমদার। তার লেখা ‘একতলা দোতলা’ নাটকের মাধ্যমে টেলিভিশন জগতে অভিষেক ঘটে। এরপর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে দীর্ঘদিনের অভিনয়জীবনে তিনি হয়ে ওঠেন এক অনন্য কিংবদন্তি। পেয়েছেন একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ অসংখ্য সম্মাননা।
Advertisement
অন্যদিকে, ফেরদৌসী মজুমদার ও রামেন্দু মজুমদারের একমাত্র কন্যা ত্রপা মজুমদারও আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে জন্ম নেওয়া ত্রপা মজুমদার বাবা-মায়ের পথ অনুসরণ করে যুক্ত হন মঞ্চনাটকের সঙ্গে। পরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও নিজের অভিনয় দক্ষতায় আলাদা পরিচিতি গড়ে তোলেন তিনি।
বর্তমানে তিনি মঞ্চনাটকের সঙ্গেই নিবিড়ভাবে যুক্ত রয়েছেন এবং অভিনয়চর্চা অব্যাহত রেখেছেন।
এলআইএ
Advertisement