বিনোদন

সংসারহীন রুদ্রনীল মানুষের সেবায় নিয়োজিত, অভিনয়ে কি ফিরবেন?  

অভিনেতা হিসেবে দীর্ঘদিন ধরেই দর্শকদের পরিচিত মুখ রুদ্রনীল ঘোষ। তবে এখন তিনি শুধু অভিনেতা নন, একজন জনপ্রতিনিধিও। বিধায়ক হিসেবে দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘আবার হাওয়া বদল’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

Advertisement

পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘আবার হাওয়া বদল’ সিনেমায় রুদ্রনীলের অভিনয় দর্শকদের নজর কেড়েছে। এর আগে ‘দ্য অ্যাকাডেমি অব ফাইন আর্টস’ সিনেমাতেও তার কাজ প্রশংসিত হয়েছে। তবে রাজনৈতিক দায়িত্বের কারণে ভবিষ্যতে নিয়মিত অভিনয়ে দেখা যাবে কি না, তা নিয়ে দর্শকদের কৌতূহলের শেষ নেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলতে গিয়ে রুদ্রনীল বলেন, মানুষের ভোটে নির্বাচিত হয়ে তিনি এখন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। সেই দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করাই তার প্রধান লক্ষ্য।

রুদ্রনীলের ভাষায়, ‘মানুষ আমাকে বিধায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব সহজ নয়। দীর্ঘদিনের নানা সমস্যা ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে হচ্ছে। আমার কেন্দ্র শিবপুরে সংস্কৃতি ও শিল্প-কারখানার একটি বড় ঐতিহ্য রয়েছে। সেই জায়গার উন্নয়নে আমি কাজ করে যেতে চাই।’

Advertisement

অভিনয়ে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘যেহেতু আমার সংসার নেই, তাই দায়িত্ব পালনের ফাঁকে যদি কিছুটা সময় বের করতে পারি, তখন সংস্কৃতি চর্চা নিয়ে ভাবব। তবে এই মুহূর্তে বিধায়ক হিসেবে মানুষের দুঃখ-কষ্ট লাঘব করাই আমার প্রথম দায়িত্ব।’

উল্লেখ্য, সম্প্রতি মুক্তি পাওয়া ‘আবার হাওয়া বদল’ সিনেমায় রুদ্রনীল ঘোষের সঙ্গে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন ও অনুষা বিশ্বনাথন। ‘হাওয়া বদল’-এর ১৩ বছর পর নির্মিত এই সিক্যুয়েলটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে।

 

এলআইএ

Advertisement