জাতীয়

প্রতিমন্ত্রীর আত্মীয় পরিচয়ে পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শাহবাগ থানা-পুলিশ। তার নাম মো. এরশাদ আকন্দ (৩৮)। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দিয়ে তিনি এই প্রতারণা করেন বলে জানা গেছে।

Advertisement

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা, টাকা নিতে গিয়ে ধরা দুজন

শাহবাগ থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত ৪ মে বিকেল আনুমানিক ৪টার দিকে শাহবাগ থানাধীন একটি হোটেলে বসে মো. এরশাদ আকন্দ নিজেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয় দেন। তিনি ভুক্তভোগীকে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে মোট ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। পরবর্তীতে চাকরি দিতে ব্যর্থ হন। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

আরও পড়ুন আয়কর বিভাগে চাকরি দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করলো এনবিআর

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশের একটি টিম বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. এরশাদ আকন্দকে গ্রেফতার করে।

Advertisement

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি নিয়াজ মেহেদী।

কেআর/এমএমকে