খেলাধুলা

বিশ্বকাপে দ্বিতীয় নারী প্রধান রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা টরি পেনসোর

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে আরেকটি মাইলফলকের সাক্ষী হলো বিশ্ব। যুক্তরাষ্ট্রের নারী রেফারি টরি পেনসো চেক রিপাবলিক ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপ ‘এ’ ম্যাচের খেলা পরিচালনা করেছেন আজ।

Advertisement

আজ (বৃহস্পতিবার) আটলান্টায় অনুষ্ঠিত এ ম্যাচের মধ্য দিয়ে তিনি পুরুষদের ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনাকারী ইতিহাসের দ্বিতীয় নারী প্রধান রেফারি হিসেবে নাম লেখালেন।

এর আগে ২০২২ সালে কাতার বিশ্বকাপে জার্মানি ও কোস্টারিকার মধ্যকার গ্রুপপর্বের ম্যাচে দায়িত্ব পালন করে ইতিহাস গড়েছিলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। প্রায় চার বছর পর সেই তালিকায় যুক্ত হয়েছেন টরি পেনসো।

আরও পড়ুন দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ সময়ে নাটকীয় ড্র দক্ষিণ আফ্রিকার

আজকের ম্যাচে পেনসোকে সহায়তা করেছেন তারই স্বদেশী সহকারী রেফারি ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। ফলে মাঠে দেখা গেছে একটি শক্তিশালী মার্কিন নারী অফিশিয়াল দলকে।

Advertisement

৩৯ বছর বয়সী পেনসো আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে ইতোমধ্যেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত নারী বিশ্বকাপের ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি। সেই ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল স্পেন।

টরি পেনসোর রেফারিংয়ে আসার গল্পও অনুপ্রেরণাদায়ক। মাত্র ১৪ বছর বয়সে অতিরিক্ত কিছু অর্থ উপার্জনের উদ্দেশ্যে রেফারিং শুরু করেছিলেন তিনি। পরে ১৮ বছর বয়সে আলাবামায় অনুষ্ঠিত অলিম্পিক ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটি রেফারি ক্যাম্পে অংশ নেওয়ার পর এই পেশার প্রতি তার আগ্রহ আরও গভীর হয়।

বিজ্ঞাপন বিষয়ে পড়াশোনা করলেও ফুটবল থেকে দূরে সরে যাননি। একসময় বিজ্ঞাপন সংস্থার চাকরি ছেড়ে পূর্ণকালীন রেফারি হিসেবে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নেন।

২০২০ সালের সেপ্টেম্বরে তিনি মেজর লিগ সকার (এমএলএস)-এর ম্যাচ পরিচালনা করা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথম নারী রেফারি হন। পরের বছর ফিফার আন্তর্জাতিক রেফারি প্যানেলে অন্তর্ভুক্ত হন তিনি।

Advertisement

২০২১ সালেই আরেকটি ইতিহাস গড়েন পেনসো। কনকাকাফ আয়োজিত পুরুষদের একটি প্রতিযোগিতায় সম্পূর্ণ নারী অফিশিয়াল দলের নেতৃত্ব দিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের একটি ম্যাচ পরিচালনা করেন তিনি।

এ ছাড়া ২০২২ সালে কোস্টারিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে পাঁচটি ম্যাচে দায়িত্ব পালন করেন, যার মধ্যে একটি সেমিফাইনালও ছিল।

আজকের ম্যাচে তার উপস্থিতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বিশ্ব ফুটবলে নারী রেফারিদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সক্ষমতারও একটি শক্তিশালী বার্তা। পুরুষদের বিশ্বকাপের মতো সর্বোচ্চ মঞ্চে দ্বিতীয় নারী প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করে টরি পেনসো নতুন প্রজন্মের নারী রেফারিদের জন্য অনুপ্রেরণার এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন।

দারুণ রোমাঞ্চকর লড়াইয়ের এই ম্যাচে ১-১ গোলে ড্র করেছে চেক রিপাবলিক ও দক্ষিণ আফ্রিকা।

এমইউ/এমএমআর/