খেলাধুলা

মেসির বাবার অসুস্থতা নিয়ে ছড়ানো গুজবে ক্ষুব্ধ তার পরিবার

আর্জেন্টিনা ফুটবল তারকা লিওনেল মেসির বাবা হোর্হে মেসি স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে তার পরিবার। তবে তিনি বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানানো হয়েছে।

Advertisement

ইএসপিএনকে পাঠানো এক বিবৃতিতে মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘তিনি (মেসির বাবা) বর্তমানে চিকিৎসা পর্যবেক্ষণে আছেন, সুস্থ হয়ে উঠছেন এবং তার বর্তমান অবস্থার মধ্যে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে।’

তবে ৬৮ বছর বয়সী হোর্হে মেসি ঠিক কোন অসুস্থতায় আক্রান্ত, সে বিষয়ে পরিবার কোনো তথ্য প্রকাশ করেনি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তার স্বাস্থ্য নিয়ে ছড়িয়ে পড়া নানা গুজব ও জল্পনারও কড়া সমালোচনা করেছে পরিবার।

Advertisement

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি যেভাবে একটি সম্পূর্ণ ব্যক্তিগত ও পারিবারিক বিষয় নিয়ে অসংবেদনশীলতা, অসম্মান ও দায়িত্বহীন আচরণ করেছেন, তাতে আমরা গভীরভাবে হতাশ।’

পরিবার আরও জানায়, ‘হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য শুধুমাত্র তার নিকটাত্মীয়দের কাছেই রয়েছে। তাই পরিবারের আনুষ্ঠানিক সূত্র ছাড়া অন্য কোনো তথ্যকে সত্য বলে গ্রহণ না করার আহ্বান জানানো হয়েছে।’

এদিকে মেসি বর্তমানে আর্জেন্টিনা দলের হয়ে ২০২৬ বিশ্বকাপে খেলছেন। আর্জেন্টিনার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে গোল করার পর আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। পরে মেসি জানান, তার চোখের জল ফুটবল-সংক্রান্ত কোনো কারণে ছিল না।

মেসি বলেন, ‘আমি কিছু কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। তবে পুরো দল এবং আমার সতীর্থরা সবসময় আমার পাশে ছিল এবং আমাকে শক্তি জুগিয়েছে।’

Advertisement

আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করেন মেসি। তিনি জার্মান কিংবদন্তি মিরোসাভ ক্লোসার ১৬ বিশ্বকাপ গোলের রেকর্ডে ভাগ বসান। পাশাপাশি পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোল অবদানের রেকর্ডেও (১৬ গোল ও ৮ অ্যাসিস্ট মিলিয়ে ২৪) তিনি ছাড়িয়ে যান ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে।

মেসির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, হোর্হে মেসির শারীরিক অবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো নতুন তথ্য থাকলে তা যথাসময়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ততদিন পর্যন্ত পরিবারের ব্যক্তিগত গোপনীয়তা সম্মান করার আহ্বান জানানো হয়েছে।

এমএমআর