খেলাধুলা

বিশ্বকাপের ঐতিহাসিক ‘১০০০’তম ম্যাচে কারা খেলবেন?

১৯৩০ সালে শুরু হওয়া বিশ্বকাপ শতবছরে পা দিচ্ছে ২০৩০ সালে। তার আগেই ২০২৬ বিশ্বকাপে হাজারতম ম্যাচের সাক্ষী হতে চলছে গোটা পৃথিবী। এবারের বিশ্বকাপেই ১০০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করছে। তিউনিসিয়া ও জাপানের মধ্যকার ম্যাচটিই হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম্যাচ।

Advertisement

চলমান ফিফা বিশ্বকাপে এই দুই দেশ ২১ জুন মেক্সিকোর মন্টারি স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর ম্যাচে মুখোমুখি হবে, যা বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ হিসেবে বিবেচিত হবে। ম্যাচটি বিশ্বকাপের দীর্ঘ যাত্রায় আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক যোগ করবে।

১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে টুর্নামেন্টটি আজ এতদূর এসেছে ফিফার দূরদর্শী চিন্তার কারণে। ২০২৬ সালের বিশ্বকাপে ইতোমধ্যে বেশ কিছু নতুনত্ব দেখা গেছে, যার মধ্যে ৪৮ দলের অংশগ্রহণ অন্যতম। প্রথম বিশ্বকাপে মাত্র ১৩টি দল অংশ নিয়েছিল এবং মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

তিউনিসিয়া বনাম জাপানের এই ম্যাচটি ২০০২ বিশ্বকাপের গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হওয়ার স্মৃতিকেও ফিরিয়ে আনবে। ১৯৩০ ও ১৯৩৮ সালের বিশ্বকাপ থেকে নিজেদের প্রত্যাহার করার পর, জাপান ১৯৯৮ সাল থেকে নিয়মিতভাবে বিশ্বকাপে অংশ নিয়ে আসছে। তাদের সেরা সাফল্য এসেছে ২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২ আসরে, যেখানে তারা প্রতিবারই শেষ ষোলো (রাউন্ড অব ১৬) পর্যন্ত পৌঁছেছিল।

Advertisement

অন্যদিকে, তিউনিসিয়ার প্রথম বিশ্বকাপ অংশগ্রহণ ছিল ১৯৭৮ সালে আর্জেন্টিনায়। এরপর ২০ বছর পর তারা আবার ফিরে আসে এবং ২০০৬ সাল পর্যন্ত নিয়মিত অংশ নেয়। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিস করার পর তারা ২০১৮ সালে আবার বিশ্বকাপে ফিরে আসে। তবে তিউনিসিয়া এখনো পর্যন্ত কখনো গ্রুপ পর্বের বাধা অতিক্রম করতে পারেনি।

ফিফা এই ঐতিহাসিক ম্যাচটি পরিচালনার দায়িত্ব দিয়েছে রোমানিয়ার রেফারি ইস্তভান কোভাকসকে। ১০০০তম ম্যাচের দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ ম্যাচ রেফারিরা একটি বিশেষ জার্সি পরবেন, যাতে সোনালি রঙের হাতার স্ট্রাইপ এবং ‘Match 1000’ লেখা একটি বিশেষ প্যাচ থাকবে।

এই ঐতিহাসিক ম্যাচের জন্য রেফারি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা ও ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইগি কোলিনা।

কোলিনা বলেন, ‘আমরা এই ম্যাচের জন্য যাকে সেরা রেফারি মনে করেছি, তাকেই নির্বাচন করেছি। আর কাকতালীয়ভাবে তিনিই ১০০০তম ম্যাচের রেফারি হয়েছেন। তাই এটি তার জন্য বাড়তি কিছু, বিশেষ একটি সম্মান।’

Advertisement

তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপের একটি ম্যাচ পরিচালনা করা সবসময়ই বিরাট সৌভাগ্য এবং বড় সম্মানের বিষয়। মাঠে দাঁড়িয়ে বিশ্বকাপের ১০০০তম ম্যাচ পরিচালনা করা নিঃসন্দেহে আরও বিশেষ কিছু। এই উপলক্ষ উদযাপনের জন্য আমরা একটি বিশেষ ম্যাচ কিট তৈরি করেছি, যাতে সোনালি রঙের কিছু নকশা, স্ট্রাইপ এবং বিশ্বকাপ ট্রফির সঙ্গে ‘1000’ লেখা একটি বিশেষ প্যাচ রয়েছে।’

উল্লেখ্য, কোলিনা নিজেই ২০০২ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল ও জার্মানির মধ্যকার ম্যাচ পরিচালনা করেছিলেন।

আরআর/এমএমআর