চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা আইসিটি কর্মকর্তা (সহকারী প্রোগ্রামার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (১৯ জুন) সকাল ১০টার দিকে জীবননগর পৌর এলাকার আশতলাপাড়ায় ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদুর রহমান ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঝিটকীপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি স্ত্রী ও এক সন্তানকে নিয়ে জীবননগরে বসবাস করতেন।
পুলিশ জানায়, সকালে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তার স্ত্রী সন্তানকে নিয়ে বাসার বাইরে চলে যান। পরে মাহমুদুর রহমানকে ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জীবননগর থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে।
Advertisement
স্থানীয়দের দাবি, মাহমুদুর রহমান কর্মজীবনে সবার কাছে একজন সদালাপী ও হাস্যোজ্জ্বল মানুষ হিসেবে পরিচিত ছিলেন।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের দফাদার উজ্জ্বল হোসেন বলেন, পারিবারিক কিছু বিষয় নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলে জানতাম।
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সচিব শাহিন মোল্লা বলেন, তিনি অত্যন্ত ভদ্র ও দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।
জীবননগর উপজেলা আইসিটি টেকনিশিয়ান মো. জাহিদ বলেন, ব্যক্তিগত ও পারিবারিক নানা বিষয় নিয়ে মানসিক অস্থিরতায় ভুগতেন।
Advertisement
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হুসাইন মালিক/এএইচ/জেআইএম