দেশজুড়ে

যশোরে সাড়ে সাত কোটি টাকার সোনাসহ আটক ২

যশোরে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

Advertisement

শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত ২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদর দপ্তরের ১ নম্বর গেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ অভিযানিক টহল দল মহাসড়কে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতর থেকে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার ৩৯৫ টাকা।

আটক ব্যক্তিরা হলেন- নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিয়াল গ্রামের খন্দকার মাহাবুবুল হক (৪৫) এবং যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া এলাকার মো. আনিস (৩৬)।

Advertisement

অভিযানে স্বর্ণের বার ছাড়াও ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মালামালের সর্বমোট মূল্য ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) কর্তৃক পরীক্ষার মাধ্যমে খাঁটি স্বর্ণ হিসেবে নিশ্চিত করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাচারের পরিকল্পনা ছিল তাদের।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য জব্দকৃত মালামাল যশোর কোতোয়ালি থানার মাধ্যমে সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

মিলন রহমান/এফএ/এমএস

Advertisement