স্বাস্থ্য

আদ-দ্বীনের কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার আহ্বান গণস্বাস্থ্য কেন্দ্রের

আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ হওয়ায় সাশ্রয়ীমূল্যে স্বল্প আয়ের মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে দাবি করে হাসপাতালটির প্রতি সংহতি জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

Advertisement

একই সঙ্গে রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম অতি দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।

রোববার (২১ জুন) গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারপারসন শিরীন পারভিন হক স্বাক্ষরিত এক চিঠিতে এ সংহতি প্রকাশ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, আদ-দ্বীন হাসপাতাল সীমিত ও স্বল্প আয়ের মানুষের জন্য সাশ্রয়ীমূল্যে স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এই হাসপাতালের মাধ্যমে লাখ লাখ দরিদ্র ও নিম্নবিত্ত মানুষ দীর্ঘদিন যাবৎ স্বল্পমূল্যে সুচিকিৎসা পেয়ে আসছে।

Advertisement

আরও পড়ুন আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু

‘সম্প্রতি উক্ত হাসপাতালে ঘটে যাওয়া একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে সরকার মগবাজারস্থ আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম বন্ধ করার যে সিদ্ধান্ত নিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং সুবিবেচনাপ্রসূত নয় বলেই আমরা মনে করি।’

গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান আদ-দ্বীন হাসপাতালের কঠিন সময়ে আমরা আপনাদের পাশে আছি। আমরা আশা করি সংশ্লিষ্ট সব মহল তাদের প্রজ্ঞা, সহনশীলতা ও দূরদর্শিতা দিয়ে এই অচলাবস্থা নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

শিরীন পারভিন হক চিঠিতে আরও জানিয়েছে, সীমিত আয়ের মানুষের জন্য একটি রোগীবান্ধব হাসপাতাল হিসেবে আদ-দ্বীন হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম আইনসিদ্ধভাবে অতি দ্রুত শুরু হোক এবং গরিব মানুষের চিকিৎসা সেবার ধারাবাহিকতা রক্ষা হোক, এই কামনা করছি। মানবসেবায় আপনাদের অঙ্গীকার অটুট থাকুক।

এসইউজে/ইএ

Advertisement