জনপ্রিয় কমেডি শো ‘কমেডি নাইটস উইথ কপিল’-এর ‘বুয়া’ চরিত্রটি দর্শকদের কাছে এখনো সমান জনপ্রিয়। বিশেষ করে চরিত্রটির মুখে শোনা ‘কৌন হ্যায় ইয়ে আদমি?’ সংলাপটি একসময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সম্প্রতি সেই বিখ্যাত সংলাপের নেপথ্যের গল্প প্রকাশ করেছেন অভিনেত্রী উপাসনা সিং।
Advertisement
এক সাক্ষাৎকারে উপাসনা জানান, দর্শকপ্রিয় এই সংলাপটি কোনো স্ক্রিপ্টের অংশ ছিল না। বলিউড তারকা সালমান খানের উপস্থিতিতে শুটিং চলাকালে তাৎক্ষণিকভাবে তার মুখ থেকে বেরিয়ে এসেছিল কথাটি।
অভিনেত্রীর ভাষ্য, শোয়ের শিল্পীরা নিজেদের সংলাপ প্রস্তুত করে সেটে গেলেও অতিথি তারকারা কী বলবেন বা পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা আগে থেকে জানা থাকত না। এমনই এক পর্বের শুটিংয়ে সালমান খান হঠাৎ কিছু বললে প্রতিক্রিয়া হিসেবে উপাসনা বলে ওঠেন, ‘কৌন হ্যায় ইয়ে আদমি?’
সংলাপটি বলার পরই পুরো সেটে নেমে আসে অস্বস্তিকর নীরবতা। উপাসনা জানান, উপস্থিত সবাই ভেবেছিলেন বিষয়টি হয়তো ভালোভাবে নেবেন না সালমান।
Advertisement
তিনি বলেন, ‘সেটে তখন ১৪টি ক্যামেরা চলছিল। ইউনিটের সবাই ভয় পেয়ে গিয়েছিল। তাদের মনে হয়েছিল, সালমান হয়তো রেগে গিয়ে শুটিং ছেড়ে চলে যাবেন। অনেকেই এটিকে অপমান হিসেবেই দেখছিলেন।’
তবে আশঙ্কার বিপরীতে ঘটেছিল সম্পূর্ণ ভিন্ন ঘটনা। উপাসনার সেই মন্তব্য শুনে হেসে ফেলেন সালমান খান। শুধু তাই নয়, তিনি এতটাই হাসছিলেন যে প্রায় সোফা থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল।
উপাসনা স্মৃতিচারণ করে বলেন, ‘সালমান টানা চার থেকে পাঁচ মিনিট হেসেছিলেন। তার হাসি দেখে পুরো ইউনিট স্বস্তি ফিরে পায়।’
এরপর থেকেই ‘কৌন হ্যায় ইয়ে আদমি?’ সংলাপটি শোয়ের অন্যতম জনপ্রিয় অংশে পরিণত হয়। পরবর্তী সময়ে বিভিন্ন তারকাকে ঘিরেও একই সংলাপ ব্যবহার করেন উপাসনা, যা দর্শকদের কাছেও দারুণ সাড়া ফেলে।
Advertisement
আরও পড়ুন:প্রথম দিনেই বাজিমাত করেছে ‘ককটেল ২’, ভাঙল পুরোনো রেকর্ড ‘এখন আর বাবাকে কিছু বলার উপায় নেই’, আক্ষেপ যিশুর
এই একটি সংলাপই ‘বুয়া’ চরিত্রকে নতুন মাত্রা দেয় বলে মনে করেন উপাসনা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও দর্শক সেই সংলাপ ও চরিত্রটিকে মনে রেখেছেন।
এদিকে আবারও কপিল শর্মার সঙ্গে কাজ করার ইচ্ছার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। উপাসনার মতে, ভালো কোনো চরিত্র ও উপযুক্ত সুযোগ পেলে তিনি আবারও কমেডির মঞ্চে ফিরতে প্রস্তুত।
এমএমএফ