আইন-আদালত

বিচার বিভাগে বড় রদবদল, বদলি ৩২ বিচারক

বিচার বিভাগে বড় রদবদল করেছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৩২ জন সদস্যকে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে ২৭ জন জেলা ও দায়রা জজ, তিনজন অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং দুইজন যুগ্ম জেলা ও দায়রা জজ পদমর্যাদার বিচারক রয়েছেন।

Advertisement

রোববার (২১ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ থেকে এ সংক্রান্ত একাধিক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনার বিভাগীয় বিশেষ জজ মো. আব্বাসুদ্দিন ইসলামকে নড়াইলের জেলা ও দায়রা জজ, সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহম্মদ ছানিউরকে সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ, নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক জিয়া উদ্দিন মাহমুদকে নীলফামারীর জেলা ও দায়রা জজ, ঢাকা প্রশাসনিক ট্রাইব্যুনাল-২-এর সদস্য মোহাম্মদ আল মামুনকে কিশোরগঞ্জের জেলা ও দায়রা জজ এবং চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. জাহাঙ্গীর কবিরকে পঞ্চগড়ের জেলা ও দায়রা জজ হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া নোয়াখালীর জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোর্শেদ ইমতিয়াজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা, নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক (নিবন্ধন) কার্থী আবদুল খানকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ, রংপুরের জেলা ও দায়রা জজ মো. উম্মে শোবা মো. নাঈমকে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজকে বগুড়ার জেলা ও দায়রা জজ এবং বগুড়ার জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরকে ঢাকা মহানগর দায়রা জজ হিসেবে বদলি করা হয়েছে।

Advertisement

অন্যদিকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আফিয়া বেগমকে মানিকগঞ্জ পারিবারিক আপিল ট্রাইব্যুনালের বিচারক, একই ট্রাইব্যুনালের বিচারক আবুল হাসানাতকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগে কর্মরত যুগ্ম সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এবং অন্যান্য জেলা ও দায়রা জজ পর্যায়ের কর্মকর্তাদের দেশের বিভিন্ন জেলা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত ও বিচারিক প্রতিষ্ঠানে পদায়ন করা হয়েছে।

তিনজন অতিরিক্ত জেলা ও দায়রা জজের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত আইন কর্মকর্তা মো. ফাহিম ফয়সালকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত কর্মকর্তা হিসেবে রাখা হয়েছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কাজী আরাফাত উদ্দীনকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন উপদেষ্টা হিসেবে পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) ইসমেত জিহানকে আইন ও বিচার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।

দুইজন যুগ্ম জেলা ও দায়রা জজের মধ্যে শাফিয়া শারমিনকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা হিসেবে এবং টাঙ্গাইলের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মো. শামছুল আলমকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করে শিক্ষা মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা হিসেবে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত বিচারকদের আগামী ২৪ জুনের মধ্যে বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। 

Advertisement

আরএমএম/কেএইচকে