সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীমকে কলকাতায় অপহরণ ও খুনের ঘটনায় করা মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
Advertisement
হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে রোববার (২১ জুন) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার জজ আদালত এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান।
এর আগে, হাইকোর্টের একটি বেঞ্চ ৮ জুন রুল দিয়ে শিমুল ভূঁইয়াকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, আসামি শিমুলের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। এ সংক্রান্ত রুল (জামিন প্রশ্নে) হাইকোর্টে শুনানি করতে বলা হয়েছে।
Advertisement
২০২৪ সালের ১২ মে ঝিনাইদহ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম পশ্চিমবঙ্গের কলকাতায় যান। সেখানে তিনি এক পরিচিতজনের বাসায় ওঠেন। পরদিন ওই বাসা থেকে বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আনোয়ারুল আজীমকে হত্যার পর তার লাশ টুকরা টুকরাে করে ব্যাগে ভরে সরানো হয়। এর কিছু অংশ কলকাতার একটি খালে ফেলা হয়।
আনোয়ারুলকে অপহরণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ২২ মে শেরেবাংলা নগর থানায় মামলা করেন তার মেয়ে মুমতারিন ফেরদৌস।
২০২৪ সালের ১৩ মে কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জিভা গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তাঁকে খুন করা হয়। ওই ফ্ল্যাটের সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কলকাতা পুলিশ বাংলাদেশ পুলিশকে এ তথ্য জানায়।
এরপর ঢাকা থেকে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ওই মামলায় শিমুল ভূঁইয়া, শিমুল ভূঁইয়ার ভাতিজা তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
Advertisement
এফএইচ/এএমএ