খেলোয়াড় উন্নয়ন, পারফরম্যান্স বিশ্লেষণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহারকে আরও এগিয়ে নিতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘অ্যানালিটিক্স ল্যাবরেটরি’, যেখানে ডেটা, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ক্রিকেটারদের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে।
Advertisement
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোর ফ্যাসিলিটিতে সোমবার প্রাথমিকভাবে এই ল্যাবটি চালু করা হবে। পরবর্তী ধাপে দেশের বিভিন্ন বিভাগীয় কেন্দ্রে ধীরে ধীরে এর পরিসর বাড়ানো হবে বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা, মিডিয়া কমিটির চেয়ারম্যান আসিফ রব্বানি এবং পারফরম্যান্স অ্যানালিস্ট সন্দীপ কুমার রমন। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হান্নান সরকারও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
নতুন এই ব্যবস্থায় অনূর্ধ্ব-১৪ পর্যায় থেকে জাতীয় দল পর্যন্ত সব ক্রিকেটারের ভিডিও ও পারফরম্যান্স ডেটা সংরক্ষণ করা হবে। এতে কোচ, খেলোয়াড় ও বিসিবি ব্যবস্থাপনা দল সহজেই প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারবে।
Advertisement
ল্যাবের মাধ্যমে বোলিং অ্যাকশন সংশোধন, ব্যাটিং ও বোলিং টেকনিক উন্নয়ন, স্কিল ডেভেলপমেন্ট এবং ফিটনেস মনিটরিংয়ের কাজ করা হবে। পাশাপাশি কোচদেরও ডেটা ও প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তোলার পরিকল্পনা রয়েছে।
বিসিবি জানিয়েছে, আধুনিক সফটওয়্যার ও প্রযুক্তিগত সরঞ্জাম দিয়ে সজ্জিত এই ল্যাব ক্রিকেট বিশ্লেষণে এআই-এর ব্যবহারও শুরু করবে, যা বাংলাদেশের হাই-পারফরম্যান্স কাঠামোতে নতুন মাত্রা যোগ করবে।
এসকেডি/এএসএম
Advertisement