চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ‘হেলথ কার্ড’ চালু করা হয়েছে বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।
Advertisement
তিনি বলেন, এ কার্ডের মাধ্যমে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।
সোমবার (২২ জুন) নগরের ষোলশহরে হোসেন আহম্মদ চৌধুরী সিটি করপোরেশন স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও হেলথ কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, নির্ধারিত ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় বিশেষ ছাড়ের পাশাপাশি প্রয়োজন হলে বেসরকারি হাসপাতালে ভর্তি ও চিকিৎসা গ্রহণের ক্ষেত্রেও শিক্ষার্থীরা সুবিধা পাবে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
Advertisement
শিক্ষার্থীদের উদ্দেশে ডা. শাহাদাত হোসেন বলেন, সময় ও শৃঙ্খলা জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। সময়ের সঠিক ব্যবহার এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে। নিয়মিত সকালের নাশতা খাওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ভালো থাকলে পড়াশোনায় মনোযোগ ও সফলতা বাড়ে।
আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোনো প্রশ্ন কঠিন মনে হলে বিচলিত না হয়ে ধৈর্যের সঙ্গে বারবার পড়তে হবে। আত্মবিশ্বাস ধরে রেখে পরীক্ষায় অংশ নিতে হবে।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে মেয়র বলেন, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব উঠে আসবে। তবে জীবনের যে অবস্থানেই যাওয়া হোক, শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শেকড়কে ভুলে গেলে চলবে না।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, ভবন নির্মাণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের দাবির বিষয়ে মেয়র বলেন, এসব কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। খেলার মাঠের প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
Advertisement
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আনোয়ার হোসেন চৌধুরী, কলেজের অধ্যক্ষ এস এম এহসান উদ্দিন এবং গভর্নিং বডির সদস্য মো. শায়েস্তা উল্লাহ চৌধুরী।
এমআরএএইচ/এমকেআর