ক্যাম্পাস

পুরান ঢাকায় শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তেজনাপূর্ণ লড়াইয়ে অস্ট্রিয়ার বিপক্ষে লিওনেল মেসির দুর্দান্ত জোড়া গোলে জয় তুলে নিয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের এ বহুল আলোচিত ম্যাচ ঘিরে যখন ফুটবলপ্রেমীদের মধ্যে ছিল তুমুল উন্মাদনা, তখন পুরান ঢাকায় শিক্ষার্থীদের সঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) ম্যাচের প্রথমার্ধ তিনি উপভোগ করেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে। পরে দ্বিতীয়ার্ধে যোগ দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে। বিশ্বকাপের রোমাঞ্চকর এ লড়াই ঘিরে দুই শিক্ষাপ্রতিষ্ঠানেই সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

এর আগে, গত ২০ জুন প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ খেলা দেখার বিশেষ আয়োজন করা হয়। ভোরবেলার ব্রাজিল-হাইতি ম্যাচটি দেখতে শত শত শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শক ক্যাম্পাসে জড়ো হন। সেদিনও শিক্ষার্থীদের সঙ্গে খেলার উত্তেজনা ভাগাভাগি করেন তিনি।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বিশ্বকাপ উপলক্ষে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। শিক্ষার্থীদের সঙ্গে একসঙ্গে খেলা দেখা, প্রিয় দলের জন্য উল্লাস এবং বিশ্বকাপের আনন্দ ভাগাভাগির এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

Advertisement

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, মেসির জাদুকরী নৈপুণ্যে আর্জেন্টিনার নকআউট নিশ্চিত হওয়ার রাতে তাই শুধু মাঠেই নয়, রাজধানীর শিল্পাঙ্গনেও ছিল ফুটবল উৎসবের রং। আর সেই উৎসবের অংশ হয়ে শিক্ষার্থীদের পাশে ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। 

এমডিএএ/কেএইচকে