টেক্সাসের এটিএন্ডটি স্টেডিয়ামে সোমবার রাতে ফুটবল বিশ্ব আরেকবার সাক্ষী হলো অবিশ্বাস্য এক মাইলফলকের। আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি অস্ট্রিয়ার বিপক্ষে দুই গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেছেন। শুধু পুরুষ বিশ্বকাপ নয়, নারী-পুরুষ মিলিয়ে ব্রাজিলের কিংবদন্তি মার্তার ১৭ গোলের রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। মেসির গোলসংখ্যা এখন ১৮।
Advertisement
ম্যাচের ৮ম মিনিটে পেনাল্টি মিস করলেও মেসি দমেননি। ৩৮ মিনিটে দলীয় আক্রমণ থেকে বাম পায়ের জাদুকরী ফিনিশে প্রথম গোল করে মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের পুরুষ রেকর্ড ভাঙেন। তারপর যোগ করা সময়ে দ্বিতীয় গোল করে মার্তাকেও পেছনে ফেলেন। আর্জেন্টিনা জিতেছে ২-০ ব্যবধানে। এই জয়ে গ্রুপ জে থেকে নকআউটে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
৩৯ বছর বয়সী মেসি এখন ছয়টি বিশ্বকাপে খেলা প্রথম খেলোয়াড়। ২০০৬ থেকে শুরু করে ২০২৬ পর্যন্ত তার যাত্রা অসাধারণ। আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিকসহ এই টুর্নামেন্টে এখন তার গোল পাঁচটি। ফুটবল বিশেষজ্ঞরা বলছেন, বয়স যত বাড়ুক, মেসির প্রতিভা ও ক্লাস পারফরম্যান্স অটুট।
মার্তা ২০১৯ সালে তার ১৭তম গোল করে রেকর্ড গড়েছিলেন। মেসির এই অর্জন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছে। আর্জেন্টাইন সমর্থকরা রাস্তায় নেমে উদযাপন করেছেন। স্কালোনির দল এখন অপরাজিত এবং মেসি ফর্মে থাকলে ট্রফি ধরে রাখা সম্ভব বলে মনে করা হচ্ছে।
Advertisement
এই রেকর্ড ভাঙা শুধু সংখ্যার নয়, ফুটবলের প্রতি অসীম ভালোবাসা ও অধ্যবসায়ের প্রতীক। মেসি আবারও প্রমাণ করলেন- তিনিই সর্বকালের সেরা। ফুটবলপ্রেমীরা এখন অপেক্ষায় পরবর্তী ম্যাচের, যেখানে মেসি আরও ইতিহাস গড়তে পারেন।
আরআই/আইএইচএস/