চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অনুমোদনের ভুয়া নাম ও লোগো ব্যবহার করে ইলেকট্রিক ইজি বাইক বিক্রির অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে চসিকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিক্রয়ের জন্য রাখা একটি ইজি বাইক জব্দ করা হয়।
Advertisement
সোমবার (২২ জুন) সন্ধ্যা ছয়টার দিকে নগরের মধ্যম হালিশহরের মাইজপাড়া কুমারী পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চসিক সূত্রে জানা যায়, নুরুল ইসলাম কোম্পানির একটি গ্যারেজে চসিকের অনুমোদনের নাম ব্যবহার করে টরিট ব্র্যান্ডের ইভি ইজি বাইক ১৫০০ মডেলের ইজি বাইক বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে চসিক।
অভিযান পরিচালনা করেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার।
Advertisement
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের অনুমোদনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারে না। তদন্তে দেখা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চসিকের অনুমোদনের বিষয়টি প্রচার করে ইজি বাইক বিক্রির চেষ্টা করছে, যা জনসাধারণকে বিভ্রান্ত করার শামিল।
তিনি বলেন, নগরবাসীর স্বার্থে এ ধরনের প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। চসিকের নাম বা অনুমোদন নিয়ে মিথ্যা তথ্য প্রচার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একই সঙ্গে যানবাহন বা অন্য কোনো পণ্য কেনার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও বৈধ কাগজপত্র যাচাই করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এমআরএএইচ/কেএইচকে
Advertisement