চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২২ সালের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আলোচিত অস্ত্রবাজি ও সহিংসতার ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা মো. হাছান মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।
Advertisement
সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার খাগড়িয়া ইউনিয়নের গণিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
হাছান মাহমুদ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে অবস্থান করছিলেন হাছান মাহমুদ। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
Advertisement
পুলিশ বলছে, হাছান মাহমুদের বিরুদ্ধে সাতকানিয়া, চান্দগাঁও ও কোতোয়ালি থানাসহ বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।
২০২২ সালের খাগড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে নৌকা প্রতীকের প্রার্থী আকতার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। ওই সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে অস্ত্র হাতে কয়েকজনের ছবি ছড়িয়ে পড়ে। তদন্তে সংঘাতে ব্যবহৃত অস্ত্র সরবরাহের সঙ্গে হাছান মাহমুদের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে বলে পুলিশ জানিয়েছে।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার অভিযোগ রয়েছে। মঙ্গলবার (২৩ জুন) তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, খাগড়িয়ার নির্বাচনি সহিংসতার ঘটনায় এ পর্যন্ত ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের বিরুদ্ধেও অভিযান চলবে।
Advertisement
এমআরএএইচ/ইএ