সিলেট ছাড়ার আগে হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে খোলা নতুন ব্যাংক হিসাবে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন সদ্য বিদায়ী জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
Advertisement
মাজারের দান-ব্যবস্থাপনা ও আয়-ব্যয়ের স্বচ্ছতা নিশ্চিত করতে তার নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সোমবার (২২ জুন) এ অনুদানের চেক দেওয়া হয়। তবে এ টাকা ডিসি নিজের পকেট থেকে দিয়েছেন নাকি জেলা প্রশাসকের ফান্ড থেকে দেওয়া হয়েছে তা জানা যায়নি।
অনুদানের অর্থ মাজারের নামে সোনালী ব্যাংকে খোলা হিসাবে জমা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।
তিনি বলেন, ‘পাঁচ লাখ টাকার একটি চেক দেওয়া হয়েছে। এই অর্থ হযরত শাহজালাল (রহ.) মাজারের নামে সোনালী ব্যাংকে জমা হয়েছে। ওয়াকফ প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও জেলা প্রশাসন যৌথভাবে হিসাবটি পরিচালনা করবেন।’
Advertisement
এর আগে সোমবার প্রথমবারের মতো প্রকাশ্যে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে টাকা গণনা করা হয়। গণনায় দানবাক্স থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা এবং কিছু স্বর্ণালংকার পাওয়া যায়। পরে জেলা প্রশাসকের আরও পাঁচ লাখ টাকা যুক্ত হওয়ায় হিসাবটিতে মোট জমার পরিমাণ দাঁড়িয়েছে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা।
আহমেদ জামিল/এসআর/এএসএম