দেশের আবাসন খাতকে শুধু রাজস্ব আদায়ের ক্ষেত্র হিসেবে নয়, বরং জাতীয় অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান ও পরিকল্পিত নগরায়নের অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন রিহ্যাবের সভাপতি ড. আলী আফজাল।
Advertisement
মঙ্গলবার (২৩ জুন) সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, আগামী ১ জুলাই থেকে প্রস্তাবিত নতুন কর কাঠামো বাস্তবায়নের প্রেক্ষাপটে আবাসন খাত একটি গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের মুখোমুখি। এ পরিবর্তনের ফলে বিনিয়োগ, কর্মসংস্থান এবং সাধারণ মানুষের আবাসন ব্যয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
ড. আলী আফজাল বলেন, আবাসন খাতের সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে দুই শতাধিক শিল্প ও সেবা খাত জড়িত। ফলে এ খাতে যে কোনো নীতিগত পরিবর্তনের প্রভাব পুরো অর্থনীতিতেই ছড়িয়ে পড়ে। নির্মাণশিল্পের মাধ্যমে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং সংশ্লিষ্ট শিল্পগুলোও বিকশিত হচ্ছে।
তিনি বলেন, আগামী অর্থবছরের জন্য প্রস্তাবিত কর ও ফি কাঠামোর কিছু বিষয় আবাসন খাতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিশেষ করে জমি নিবন্ধন ব্যয় বৃদ্ধি পেলে ফ্ল্যাট ও জমির দাম বাড়বে, ক্রেতাদের অতিরিক্ত ব্যয় বহন করতে হবে এবং নতুন বিনিয়োগ নিরুৎসাহিত হতে পারে। এতে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের নিজস্ব বাড়ির স্বপ্ন আরও কঠিন হয়ে উঠবে।
Advertisement
রিহ্যাব সভাপতি আশঙ্কা প্রকাশ করে বলেন, জমি নিবন্ধন ব্যয় ১৪ শতাংশে উন্নীত করা হলে বাজারে লেনদেন কমে যাওয়ার পাশাপাশি আবাসন খাতে স্থবিরতা তৈরি হতে পারে। এর ফলে সরকারের রাজস্ব আদায়ও প্রত্যাশিত হারে নাও বাড়তে পারে। বরং করের হার যৌক্তিক পর্যায়ে রাখা হলে লেনদেন বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে রাজস্বও বাড়বে।
তিনি আরও বলেন, আবাসন খাতকে শক্তিশালী করা মানেই দেশের অর্থনীতিকে শক্তিশালী করা। পরিকল্পিত নগরায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বিনিয়োগ সম্প্রসারণ নিশ্চিত করতে এ খাতের ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন। এজন্য সরকার, নীতিনির্ধারক, ব্যবসায়ী ও গণমাধ্যমের মধ্যে সমন্বিত উদ্যোগ জরুরি।
সেমিনারে ড. আলী আফজাল আশা প্রকাশ করেন, আবাসন খাত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংবাদিকরা জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতার মাধ্যমে বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
তিনি সরকারের প্রতি আবাসনবান্ধব নীতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, টেকসই, আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক নগরায়ন নিশ্চিত করতে আবাসন খাতকে আরও উৎসাহ ও নীতিগত সহায়তা দেওয়া প্রয়োজন।
Advertisement
ইএআর/এমআইএইচএস