খেলাধুলা

বিশ্বকাপে প্রথমবার দেখা যাবে কঙ্গোর ঐতিহাসিক সমর্থক লুমুম্বাকে

বিশ্বকাপে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করে ইতোমধ্যে পুরো পৃথিবীকে ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো তাক লাগিয়ে দিয়েছিল। কঙ্গোর ঐতিহাসিক সেই দিনে মাঠে থেকে খেলা উপভোগ করতে পারেননি তাদের অনেক সমর্থক। সে তালিকায় ছিলেন তাদের বিখ্যাত সমর্থক লুমুম্বা ভেয়া। এবার কলম্বিয়ার বিপক্ষে মাঠে তাকে দেখা যাবে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি স্ট্যাচুর মত দাঁড়িয়ে থেকে দলকে সমর্থন যোগাবেন।

Advertisement

আফ্রিকা কাপ অব নেশনসে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন এই সমর্থক- একটানা ৯০ মিনিট ঠায় দাঁড়িয়ে থাকার জন্য। নিজের দেশে ইবোলা প্রাদুর্ভাবের কারণে তিনি উদ্বোধনী ম্যাচ মিস করেছিলেন, কিন্তু এখন লুমুম্বা ইতোমধ্যে মেক্সিকোর গুয়াদালাহারায় পৌঁছে গেছেন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দেখার জন্য।

২০২৬ বিশ্বকাপে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র (ডিআর কঙ্গো) তাদের যাত্রা শুরু করেছে পর্তুগালের সঙ্গে ড্র করে। নিঃসন্দেহে এটি ছিল একটি ঐতিহাসিক সূচনা। তবে দলটির কিছু একটা যেন অনুপস্থিত ছিল।

তাদের বিখ্যাত সমর্থক লুমুম্বা ভেয়া পর্তুগালের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে উপস্থিত থাকতে পারেননি, কারণ তিনি নিজ দেশে কোয়ারেন্টাইনে ছিলেন। দেশটি বর্তমানে ইবোলা প্রাদুর্ভাবের মুখোমুখি, যেখানে এক হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং ২৫৪ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার অনুমতি পাওয়ার পর লুমুম্বা ভেয়া মেক্সিকোতে পৌঁছান। তিনি গুয়াদালাহারার অ্যাকরন স্টেডিয়ামে উপস্থিত থাকবেন, যেখানে ‘লেপার্ডস’ (ডিআর কঙ্গো দল) গ্রুপ কে-এর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে।

তার আসল নাম মিশেল কুকা এমবোলাডিঙ্গা এবং তার বয়স ৫০ বছর। ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনস চলাকালে তিনি বিশ্বজুড়ে আলোচনায় আসেন, কারণ তিনি ম্যাচ দেখতেন প্যাট্রিস লুমুম্বার ভঙ্গি অনুকরণ করে। প্যাট্রিস লুমুম্বা ছিলেন কঙ্গোর স্বাধীনতার একজন শহীদ নেতা, যাকে ১৯৬১ সালে একটি বেলজিয়ান ফায়ারিং স্কোয়াড হত্যা করে। পরে তার দেহ খণ্ড-বিখণ্ড করে অ্যাসিডে গলিয়ে ফেলা হয়, যাতে তার কবর তীর্থস্থানে পরিণত না হয়।

এমবোলাডিঙ্গা এক দশকেরও বেশি সময় ধরে ‘জীবন্ত মূর্তি’ হিসেবে পরিচিত। প্রথমে তিনি এএস ভিটা ক্লাবের জন্য এবং পরে কঙ্গো জাতীয় দলের জন্য এই ভূমিকায় থাকেন। তিনি দেশের পতাকার হলুদ, নীল ও লাল রঙের স্যুট ও টাই পরেন এবং পুরো ৯০ মিনিট নিজের আসনে একদম স্থির হয়ে বসে থাকেন, ডান হাত উঁচু করে। এর মাধ্যমে তিনি লুমুম্বার মর্যাদা ও প্রতিরোধের উত্তরাধিকারকে সম্মান জানান।

আফকন ২০২৫-এ তিনি লেপার্ডসদের সব ম্যাচে উপস্থিত ছিলেন। তবে দলটি শেষ ষোলোতেই বিদায় নেয়, অতিরিক্ত সময়ে আলজেরিয়ার কাছে ১-০ গোলে হেরে। সেই ম্যাচের পর আলজেরিয়ার খেলোয়াড় মোহামেদ আমিন আমুরা স্ট্যান্ডের সামনে লুমুম্বা ভেয়াকে নিয়ে উপহাস করেন। ঘটনাটির ছবি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং পরে ওই ফুটবলারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়। আলজেরিয়ান ফুটবল ফেডারেশনও ক্ষমা প্রার্থনা করে এবং তাকে একটি লেপার্ডস জার্সি উপহার দেয়।

Advertisement

‘গুয়াদালাহারা, আমরা চলে এসেছি!’-বিমানবন্দরে লুমুম্বার ভঙ্গিতে ছবি তুলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এভাবেই পোস্ট করেন এমবোলাডিঙ্গা। বর্তমানে তার অনুসারীর সংখ্যা ১ লাখ ৯১ হাজার। কলম্বিযয়ার বিপক্ষের ম্যাচটি হবে তার প্রথম বিশ্বকাপ ম্যাচ। এরপর তিনি আটলান্টায় যাবেন উজবেকিস্তানের বিপক্ষে খেলা দেখতে।

আরআর/আইএইচএস