দেশজুড়ে

ঘরে চিরকুট, মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে মসজিদের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমির হোসেন (৪০) নামের এক ইমামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

‎মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বাংলাবাজার এলাকার রাজা মিয়া সওদাগর জামে মসজিদে এ ঘটনা ঘটেছে।

নিহত আমির হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে ওই মসজিদে ইমামের দায়িত্ব পালন করছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলায়। কিন্তু তিনি মসজিদে যে রুমে থাকতেন সেই রুমে মৃত্যুর পূর্বে একটি চিরকুট লিখে গেছেন।

‎মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মোতয়াল্লি মোহাম্মদ ইফতেকার আহমেদ বলেন, ‘আসরের সময় মুসল্লিদের নিয়ে তিনি নামাজ পড়েন। কিন্তু মাগরিব ও এশার নামাজের সময় অনুপস্থিত ছিলেন। আমরা মনে করেছিলাম তিনি কোথাও কাজে গেছেন। দীর্ঘসময় স্থানীয়রা তাকে মসজিদে দেখতে না পেয়ে দ্বিতীয় তলায় তার কক্ষে খোঁজ করতে যায়। কিন্তু তাতেও সেখানেও দেওয়া ছিল। একপর্যায়ে মসজিদের দ্বিতীয় তলার জানালা দিয়ে দেখা যায় তার নিথর দেহ ফ্যানের সিলিংয়ের সঙ্গে ঝুলছে। নিচে পড়ে আছে একটি মই। বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে এলাকাবাসী আসে এবং তার কক্ষে গিয়ে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে পারিবারিক কলহের কথা লেখা ছিল।’

Advertisement

‎এছাড়া মৃত্যুর আগে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লিখেছেন, ‘যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’

‎সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এম মাঈন উদ্দিন/এফএ/এমএস

Advertisement