বিশ্বকাপে অংশ নেওয়া ইরান জাতীয় ফুটবল দলকে আগের ম্যাচগুলোর তুলনায় একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। মঙ্গলবার এবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।
Advertisement
ডিএইচএসের এক মুখপাত্র জানান, ২৬ জুন সিয়াটলে অনুষ্ঠিতব্য গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য ইরান দলকে ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তবে শর্ত হলো, ম্যাচ শেষ হওয়ার দিনই তাদের দেশ ছাড়তে হবে। নিরাপত্তা ব্যবস্থা ও প্রটোকলে কোনো পরিবর্তন আনা হয়নি বলেও জানানো হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগে ইরানের বেস ক্যাম্প যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে সরিয়ে মেক্সিকোর তিহুয়ানায় স্থানান্তর করা হয়। এরপর থেকেই দলটি অভিযোগ করে আসছে যে, ম্যাচের মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং ম্যাচ শেষেই ফিরে যেতে বাধ্য হওয়ায় তারা ভোগান্তির শিকার হচ্ছে।
গত রোববার বেলজিয়ামের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ইরান কোচ আমির ঘালেনোয়ি বলেন, তার দল ‘সবচেয়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও’ দারুণ ফুটবল খেলেছে। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে প্রবেশের ক্ষেত্রে ভিসা জটিলতা এবং সীমিত ভ্রমণ সময়সূচি দলের প্রস্তুতিকে ব্যাহত করেছে।
Advertisement
ঘালেনোয়ির দাবি, বিশ্বকাপের আগে শক্তিশালী প্রতিপক্ষ বেলজিয়ামের বিপক্ষে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়নি তার দল। ফিফা র্যাঙ্কিংয়ে বেলজিয়াম বর্তমানে শীর্ষ ১০ দলের মধ্যে রয়েছে।
লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত বেলজিয়াম ম্যাচের জন্য ইরান দল শনিবার রাতে যুক্তরাষ্ট্রে পৌঁছায়, রোববার ম্যাচ খেলে একই রাতে আবার মেক্সিকোতে ফিরে যেতে বাধ্য হয়। এর আগে ম্যাচের দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি চাইলেও তা প্রত্যাখ্যাত হয়েছিল। এ কারণে ফিফার কাছে অভিযোগ জানানোর পরিকল্পনার কথাও জানিয়েছিল ইরান।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল ইরান। আগামী শুক্রবার সিয়াটলের লুমেন ফিল্ডে মিশরের মুখোমুখি হবে তারা।
অন্যদিকে, হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্কফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি ইরানের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যথেষ্ট ন্যায্য আচরণ করেছে। দলের ৩১ জন খেলোয়াড় এবং কোচিং স্টাফদের জন্য ভিসা নিশ্চিত করা হয়েছে, যাতে প্রতিযোগিতায় ভারসাম্য বজায় থাকে।’
Advertisement
তবে তিনি স্বীকার করেন যে দলের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মার্কওয়েন মুলিন দাবি করেছেন, ইরান দলের সঙ্গে লস অ্যাঞ্জেলেসগামী বিমানে ওঠার চেষ্টা করেছিলেন এমন একজন ব্যক্তি, যার সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সরাসরি সম্পর্ক ছিল।
রাজনৈতিক উত্তেজনা ও অংশগ্রহণ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার মধ্যেও ইরান এবারের বিশ্বকাপে অংশ নিচ্ছে। ফলে স্বাগতিক দেশের সঙ্গে চলমান বৈরী সম্পর্কের প্রেক্ষাপটে বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম দল হিসেবে নতুন এক নজির গড়েছে তারা।
এমএমআর