বিনোদন

পপি যে শর্তে আবার অভিনয় করবেন

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে দূরে আছেন ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। অভিনয়ে ফেরার বিষয়ে নানা সময় গুঞ্জন শোনা গেলেও এবার নিজেই জানালেন নিজের অবস্থান। স্পষ্ট করে বলেছেন, সাধারণ কোনো সিনেমা, নাটক বা বিজ্ঞাপনে আর কাজ করতে চান না। তবে একটি বিশেষ শর্ত পূরণ হলে আবারও ক্যামেরার সামনে দাঁড়াতে আপত্তি নেই তার।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি জানান, অভিনয়ে ফেরার জন্য বিভিন্ন মাধ্যম থেকে একাধিক প্রস্তাব পেয়েছেন। এমনকি তাকে নিয়ে সিনেমা নির্মাণের আগ্রহও প্রকাশ করেছেন অনেক নির্মাতা। কিন্তু এখন তার জীবনের অগ্রাধিকার পরিবার।

পপির ভাষায়, ‘আমি আর সিনেমায় অভিনয় করতে চাই না। আমি আমার স্বামী এবং একমাত্র সন্তান আয়াতকে নিয়েই সময় কাটাতে চাই। সুখী একটা দাম্পত্য জীবনের মাঝেই আমি আমার জীবনটা পার করে দিতে চাই। তবে কেউ যদি আমার জীবন নিয়ে কোনো বায়োপিক করতে চান, তাহলে অবশ্যই আমি তাতে অভিনয় করব।’

আরও পড়ুন হাত ভেঙে বিনাচিকিৎসায় কাতরাচ্ছেন কাঙালিনী সুফিয়া, চাইলেন সাহায্য

তবে বায়োপিক হলেও সেটি হতে হবে তার মনের মতো। নিজের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যথাযথভাবে তুলে ধরা না হলে অভিনয়ে ফিরতে রাজি নন এই অভিনেত্রী।

Advertisement

তিনি বলেন, ‘আমার একদম জন্ম থেকে শুরু করে বেড়ে ওঠা, পড়াশোনা, ফটোসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ, ব্যক্তিগত জীবন, সংগ্রামী জীবন, চলচ্চিত্র জীবন-সবকিছু সুন্দরভাবে একটি চমৎকার গল্পে তুলে ধরতে হবে। যিনি সেটা পারবেন, আমি তারই নির্দেশনায় অভিনয় করব। যদি ভালো না লাগে, তাহলে আমি আর অভিনয়ে ফিরতে চাই না। কোনো রকম একটা বায়োপিক হবে, এমনটাতে আমি অভিনয় করতে চাই না।”

নিজের সময়ের জনপ্রিয় নায়িকাদের প্রসঙ্গ টেনে পপি বলেন, ‘একটা সময় চলচ্চিত্রে মৌসুমী আপু-শাবনূরের ব্যাপক দাপট ছিল। সেই সময় আমিও পার করেছি, পূর্ণিমাও পার করেছে। আমাদের ভক্তরা এখনো আমাদের নিয়ে গর্ব করে। তাই যদি বায়োপিকে অভিনয় করি, সেটা যেন দৃষ্টান্তমূলক কোনো বায়োপিক হয়-এমনটাই প্রত্যাশা থাকবে আমার।”

মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমায় চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে পপির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে নব্বইয়ের দশক ও পরবর্তী সময়ে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়িকাদের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

আরও পড়ুন বক্তব্য বিকৃত করে কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ জাহিদ হাসান

সবশেষ সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমায় দেখা যায় পপিকে। এরপর আর নতুন কোনো সিনেমায় অভিনয় করেননি তিনি।

Advertisement

অভিনয় জীবনে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন পপি। ২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ সিনেমার জন্য প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। পরে ‘মেঘের কোলে রোদ’ এবং ‘গঙ্গাযাত্রা’ সিনেমার জন্যও একই সম্মান অর্জন করেন। এ ছাড়া দেশের বিভিন্ন সংগঠন থেকে তিন শতাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন এই গুণী অভিনেত্রী।

এমএমএফ/জেআইএম