বলিউডের জনপ্রিয় নির্মাতা রাজকুমার হিরানি এবং সুপারস্টার শাহরুখ খানের প্রথম সিনেমা ‘ডাঙ্কি’ মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। ‘থ্রি ইডিয়টস’, ‘পিকে’ ও ‘সঞ্জু’র মতো সফল চলচ্চিত্র নির্মাণের পর হিরানির সঙ্গে শাহরুখের জুটি দর্শকদের প্রত্যাশা অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তবে ২০২৩ সালে মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য অর্জন করতে পারেনি বলে মনে করেন অনেকেই।
Advertisement
দীর্ঘ সময় পর এবার ‘ডাঙ্কি’র সেই ফলাফল এবং দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে মুখ খুলেছেন রাজকুমার হিরানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, সিনেমাটির বিষয়বস্তু সবার সঙ্গে সমানভাবে সংযোগ তৈরি করতে পারেনি বলেই এটি প্রত্যাশার তুলনায় পিছিয়ে পড়েছিল।
হিরানি বলেন, ‘প্রতিটি সিনেমা আলাদা মানুষের মনে আলাদা প্রভাব ফেলে। “থ্রি ইডিয়টস” ছিল এমন একটি বিষয় নিয়ে, যা দেশের প্রায় প্রতিটি পরিবারের সঙ্গে সম্পর্কিত। তাই সিনেমাটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু “ডাঙ্কি” এমন কিছু মানুষের গল্প, যারা অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করে বা সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। ফলে এর দর্শকসংখ্যা স্বাভাবিকভাবেই সীমিত ছিল।’
নির্মাতার দাবি, সিনেমাটি মুক্তির পর বিশ্বের বিভিন্ন দেশ থেকে তিনি অসংখ্য বার্তা পেয়েছেন। বিশেষ করে কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক অভিবাসী জানিয়েছেন, ‘ডাঙ্কি’র গল্প তাদের জীবনের বাস্তবতার সঙ্গে গভীরভাবে মিলে গেছে।
Advertisement
হিরানি বলেন, ‘এখনো আমি এমন মানুষের বার্তা পাই, যারা এই পথ দিয়ে বিদেশে গেছেন। তারা বলেন, বিদেশে বসবাস করলেও ভেতরে ভেতরে তারা কষ্ট পান এবং অনেক সময় নিজের দেশ ছেড়ে আসার সিদ্ধান্ত নিয়ে আফসোস করেন। এই কারণেই সিনেমাটি একটি নির্দিষ্ট শ্রেণির মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে।’
তিনি আরও বলেন, বর্তমান সময়ের অনেক দর্শকের কাছে বিদেশে যাওয়া বা ভিসা পাওয়া খুব কঠিন বিষয় নয়। কিন্তু ‘ডাঙ্কি’তে তুলে ধরা হয়েছে সমাজের সেই প্রান্তিক মানুষের গল্প, যাদের সামনে বৈধভাবে বিদেশে যাওয়ার সুযোগ খুবই সীমিত। ফলে সিনেমাটির বাস্তবতার সঙ্গে অনেক দর্শক নিজেদের সম্পৃক্ত করতে পারেননি।
তবে বক্স অফিসে প্রত্যাশিত ফল না এলেও ‘ডাঙ্কি’কে ব্যর্থ সিনেমা বলতে নারাজ এই নির্মাতা। তিনি জানান, এখনো সিমেনাটি নিয়ে গর্ববোধ করেন।
হিরানির ভাষায়, ‘আমি আজও “ডঙ্কি” নিয়ে গর্বিত। কোনো গল্পের সঙ্গে যদি দর্শক নিজেকে মেলাতে না পারেন, তাহলে সেই গল্প তাকে কম স্পর্শ করবে-এটাই স্বাভাবিক। একজন পরিচালকের সব সিনেমা যে একইভাবে সবার মন জয় করবে, এমন নয়।’
Advertisement
উল্লেখ্য, ‘ডঙ্কি’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন তাপসী পান্নু, বোমান ইরানি, বিক্রম কোছর ও অনিল গ্রোভার। এছাড়া বিশেষ উপস্থিতিতে ছিলেন ভিকি কৌশল, যার অভিনয় দর্শকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছিল।
এমএমএফ/জেআইএম