২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হয়ে গেছে। নির্ধারিত হয়েছে রাউন্ড অব-৩২-এর ৩২টি দল এবং নকআউট পর্বের সব ম্যাচ। আজ রাতেই দক্ষিণ আফ্রিকা ও কানাডা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে নকআউট পর্ব।
Advertisement
তবে গ্রুপ পর্বে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে মাত্র তিনটি দল শতভাগ জয়ের রেকর্ড সৃষ্টি রাখতে পেরেছে। তারা হলো স্বাগতিক মেক্সিকো, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
শুধু তিন ম্যাচেই জয় নয়, আক্রমণভাগের ধার ও রক্ষণভাগের দৃঢ়তায়ও অন্য সবার চেয়ে এগিয়ে ছিল এই তিন পরাশক্তি। ফলে নকআউট পর্ব শুরু হওয়ার আগেই তারা শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে।
স্বাগতিক মেক্সিকোর নিখুঁত গ্রুপ পর্ব
Advertisement
নিজেদের মাটিতে খেলতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল মেক্সিকো। দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত গ্রুপ ‘এ’-তে কোনো প্রতিপক্ষই হ্যাভিয়ের আগুইরের দলের সামনে দাঁড়াতে পারেনি।
প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে লুইস রোমোর একমাত্র গোলে ১-০ ব্যবধানে হারায় দক্ষিণ কোরিয়াকে। এরপর গ্রুপের শেষ ম্যাচে চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপসেরা হয় তারা।
তিন ম্যাচে ছয় গোল করার পাশাপাশি একটি গোলও হজম করেনি মেক্সিকো। গ্রুপ পর্বে নিখুঁত রক্ষণভাগ তাদের অন্যতম বড় শক্তি হিসেবে দেখা দিয়েছে। রাউন্ড অব-৩২-এ স্বাগতিকদের প্রতিপক্ষ হবে লাতিন আমেরিকার আরেক দল ইকুয়েডর।
মেসির নেতৃত্বে দাপুটে আর্জেন্টিনা
Advertisement
বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও গ্রুপ পর্বে ছিল দুর্দান্ত। লিওনেল মেসির নেতৃত্বে গ্রুপ ‘জে’-তে প্রতিপক্ষদের ওপর আধিপত্য বিস্তার করে টানা তিন ম্যাচ জিতে নকআউটে জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল।
প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেন মেসি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ জয়ে করেন জোড়া গোল।
গ্রুপের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে বিশ্রামে ছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। বেঞ্চে থেকে ম্যাচ শুরু করা মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নামেন। লো সেলসো ও লওতারো মার্টিনেজের গোলে এগিয়ে যাওয়ার পর জর্ডান একটি গোল শোধ দেয়। এরপর মাঠে নেমে আবারও গোল করেন মেসি, নিশ্চিত করেন ৩-১ গোলের জয়।
তিন ম্যাচ শেষে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাও আর্জেন্টিনা অধিনায়ক। ছয় গোল নিয়ে তিনি গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন। রাউন্ড অব-৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের অন্যতম বিস্ময় কেপ ভার্দে।
ফ্রান্সের গোলবন্যা
গ্রুপ পর্বে সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের একটি ছিল ফ্রান্সের। দিদিয়ের দেশমের দল তিন ম্যাচেই অন্তত তিনটি করে গোল করেছে।
প্রথম ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে হারানোর পর ইরাককে ৩-০ ব্যবধানে পরাজিত করে তারা। এরপর গ্রুপের শেষ ম্যাচে নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে শতভাগ জয় নিশ্চিত করে 'লে ব্লু'রা।
ফ্রান্সের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলে। দুজনই ইতোমধ্যে চারটি করে গোল করেছেন এবং টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় রয়েছেন। রাউন্ড অব-৩২-এ ফ্রান্সের প্রতিপক্ষ সুইডেন।
শিরোপার লড়াইয়ে স্পষ্ট বার্তা
গ্রুপ পর্বে শতভাগ সাফল্য পাওয়া তিন দলই নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে ভিন্নভাবে। মেক্সিকো দেখিয়েছে দুর্ভেদ্য রক্ষণ, আর্জেন্টিনা মেসির নেতৃত্বে আক্রমণভাগের কার্যকারিতা, আর ফ্রান্স মুগ্ধ করেছে ধারাবাহিক গোলবন্যায়।
নকআউট পর্বে অবশ্য নতুন করে শুরু হবে সব হিসাব। একটি ম্যাচের ভুলই শেষ করে দিতে পারে বিশ্বকাপের স্বপ্ন। তবু গ্রুপ পর্বের পারফরম্যান্স বলে দিচ্ছে, মেক্সিকো, আর্জেন্টিনা ও ফ্রান্স- এই তিন দলই ২০২৬ বিশ্বকাপের শিরোপা দৌড়ে সবচেয়ে শক্তিশালী দাবিদারদের মধ্যে রয়েছে।
আইএইচএস/