খেলাধুলা

জোতার মৃত্যুবার্ষিকীর আগের দিন ম্যাচ, স্মরণীয় করে রাখতে চায় পর্তুগাল

একটুর জন্য দিয়োগো জোতার মৃত্যুর ঠিক এক বছর পূর্তির দিনে মাঠে নামতে হচ্ছে না পর্তুগালকে। যদি তারা বিশ্বকাপের গ্রুপ কে-তে শীর্ষস্থান অর্জন করতো, তবে ৩ জুলাই ঘানার বিপক্ষে খেলতে হতো। আর এই ৩ জুলাই ২০২৫ সালে সাবেক লিভারপুল ও পর্তুগাল জাতীয় দলের ফরোয়ার্ড দিয়োগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

Advertisement

কলম্বিয়ার সঙ্গে ০-০ গোলে ড্র করে গ্রুপ রানার্সআপ হওয়ায় পর্তুগাল আগামী বৃহস্পতিবার কানাডার টরন্টোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে। ম্যাচটি জোতার মৃত্যুবার্ষিকীর আগের দিন হওয়ায়, এটিকে ‘দিয়োগো জোতার ম্যাচ’ হিসেবে স্মরণীয় করে রাখতে চায় দলটি।

পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রতিদিন অনুশীলনের সময়ই দিয়োগো জোতার কথা আমাদের মনে পড়ে। তাই শুধু মৃত্যুবার্ষিকীর দিনটিই কঠিন-এমনটা বলব না। বরং এটি তার জীবনকে স্মরণ করার একটি উপলক্ষ। আমাদের এই দলের যাত্রা তার সঙ্গেই শুরু হয়েছিল। আমরা তার সঙ্গে নেশনস লিগ জিতেছি। তিনি আমাদের জন্য একটি প্রতীক, একটি আলোর উৎস এবং সবচেয়ে বড় অনুপ্রেরণা।’

বিশ্বকাপের শুরু থেকেই পর্তুগাল জোতাকে বিভিন্নভাবে শ্রদ্ধা জানিয়ে আসছে। কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া উদ্বোধনী ম্যাচে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিশেষ অতিথি ছিলেন জোতার বাবা জোয়াকিম ও মা ইসাবেল সিলভা।

Advertisement

এরপর উজবেকিস্তানকে ৫-০ গোলে হারানোর ম্যাচে জাতীয় সংগীত শেষে স্টেডিয়ামের বড় পর্দায় প্রদর্শন করা হয় জোতার ছবি।

মার্তিনেজ আরও বলেন, ‘আমরা তার জন্যই বিশ্বকাপ জিততে চাই। মৃত্যুবার্ষিকী ম্যাচটিকে ‘দিয়োগো জোতার ম্যাচে’ পরিণত করবে। এটি কোনো কঠিন মুহূর্ত নয়। কঠিন সময় হলো প্রতিদিন, যখন তিনি শারীরিকভাবে আমাদের সঙ্গে নেই। কিন্তু মানসিকভাবে তিনি আমাদের সঙ্গেই আছেন। তার উপস্থিতি আমাদের আরও শক্তিশালী বানায়। বিশেষ করে যখন কোনো ম্যাচ জিততে পারি না, তখন তার জয়ের আকাঙ্ক্ষা ও বিশ্বাস আমাদের আরও বেশি অনুপ্রাণিত করে।’

দিয়োগো জোতা পর্তুগালের যুব পর্যায়ের ক্লাবগুলো থেকে উঠে আসেন। ২০ বছর বয়সে তিনি স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়ে দেশ ছাড়েন। পরে লিভারপুল এবং পর্তুগাল জাতীয় দলে নিজের প্রজন্মের অন্যতম সেরা ফরোয়ার্ড হিসেবে প্রতিষ্ঠিত হন। তবে কাফের চোটের কারণে ২০২২ বিশ্বকাপে খেলতে পারেননি।

২০২০ সালে লিভারপুল তাকে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে ৪ কোটি ৪৭ লাখ ইউরো (প্রায় ২৮৬ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল) ট্রান্সফার ফিতে দলে ভেড়ায়। লিভারপুলের হয়ে তিনি জিতেছেন একটি প্রিমিয়ার লিগ শিরোপা (২০২৪/২৫), একটি এফএ কাপ (২০২২) ও দুটি লিগ কাপ (২০২২ ও ২০২৪)। ক্লাবটির হয়ে ১৮২ ম্যাচে তিনি করেন ৬৫ গোল।

Advertisement

পর্তুগাল জাতীয় দলের হয়ে জোতার অভিষেক হয় ২০১৯ সালে। একই বছর ক্রিশ্চিয়ানো রোনালদো, বের্নার্দো সিলভা, রুই পাত্রিসিও ও রুবেন দিয়াসদের সঙ্গে নেশনস লিগ জেতেন। ২০২৫ সালেও তিনি আবার এই শিরোপা জয় করেন। জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচে তার গোলসংখ্যা ১৪টি।

২০২৫ সালের ৩ জুলাই স্পেনের জামোরা অঞ্চলে একটি ল্যাম্বরগিনিতে ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। সেই দুর্ঘটনায় জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা, যিনি পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলের খেলোয়াড় ছিলেন; দুজনই নিহত হন। মৃত্যুকালে দিয়োগো জোতা রেখে গেছেন তার স্ত্রী এবং তিন সন্তানকে।

আরআর/এমএমআর