ভারতীয় মঞ্চনাট্যের অন্যতম উজ্জ্বল নক্ষত্র, প্রখ্যাত অভিনেত্রী ও নাট্যপরিচালক বিজয়া মেহতা আর নেই। দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভোগার পর ৩০ জুন মুম্বাইয়ের নেপিয়ান সি রোডে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
Advertisement
পরিবার সূত্রে জানা গেছে, তিনি এক কন্যা ও দুই পুত্র রেখে গেছেন। তার মৃত্যুতে ভারতীয় নাট্য ও সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিল্পী, নাট্যব্যক্তিত্ব, ছাত্রছাত্রী ও অনুরাগীরা গভীর শোক প্রকাশ করছেন।
বিংশ শতাব্দীর ভারতীয় থিয়েটারের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন বিজয়া মেহতা। বিশেষ করে মারাঠি মঞ্চনাটকে আধুনিক ভাবনা, নতুন উপস্থাপনা ও সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটিয়ে তিনি এক নতুন যুগের সূচনা করেন। ‘ব্যারিস্টার’, ‘হামিদাবাইচি কোঠি’, ‘পুরুষ’ এবং ‘ওয়াদা চিরেবন্দি’র মতো কালজয়ী নাটকের মাধ্যমে তিনি দর্শকদের সামনে তুলে ধরেন ভিন্নধর্মী নাট্যভাষা।
মুম্বাইয়ের এক মধ্যবিত্ত কায়স্থ পরিবারে জন্ম নেওয়া বিজয়া মেহতা মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর পার্সি থিয়েটারের অগ্রগণ্য ব্যক্তিত্ব আদি মার্জবানের দলে যোগ দিয়ে অভিনয়জীবন শুরু করেন। পরে ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) কিংবদন্তি নাট্যগুরু ইব্রাহিম আলকাজির কাছে অভিনয় ও মঞ্চ পরিচালনার প্রশিক্ষণ নেন।
Advertisement
উইলিয়াম শেকসপিয়রের ‘ওথেলো’র মারাঠি রূপান্তরে ডেসডিমোনা চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। পরে নাট্যকার বিজয় টেন্ডুলকার, অভিনেতা ড. শ্রীরাম লাগু, সুলভা দেশপান্ডে ও অরবিন্দ দেশপান্ডের সঙ্গে মিলে প্রতিষ্ঠা করেন ‘রঙ্গায়ন’ নাট্যদল। এই দলের হাত ধরেই মারাঠি থিয়েটারে আধুনিক নাট্যচর্চার এক নতুন অধ্যায়ের সূচনা হয়।
শুধু পরীক্ষাধর্মী নাটকেই নয়, বাণিজ্যিক থিয়েটারেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন বিজয়া মেহতা। জার্মান নাট্যকার বার্টোল্ট ব্রেখটের বিখ্যাত নাটক ‘দ্য ককেশিয়ান চক সার্কেল’র মারাঠি রূপান্তর ‘আজব ন্যায় বার্তুলাচা’ পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়ান। একই সঙ্গে মহেশ এলকুঞ্চওয়ার ও জয়বন্ত ডালভির মতো প্রতিভাবান নাট্যকারদের কাজও দর্শকদের সামনে তুলে আনেন।
মঞ্চের গণ্ডি পেরিয়ে ছোট পর্দাতেও সফল ছিলেন তিনি। আশির দশকে তার পরিচালিত চিকিৎসাবিষয়ক টেলিভিশন ধারাবাহিক ‘লাইফ লাইন’ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক পিটার ব্রুকের ‘মহাভারত’ প্রকল্পেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ন্যাশনাল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস (এনসিপিএ) এবং ন্যাশনাল স্কুল অব ড্রামার (এনএসডি) প্রশাসনিক দায়িত্বও দক্ষতার সঙ্গে সামলেছেন।
আরও পড়ুন দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে বলিউডে নতুন রেকর্ড আলিয়ারবিজয়া মেহতা ছিলেন একজন অসাধারণ শিক্ষক ও মেন্টরও। তার হাত ধরেই অভিনয়ের জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন ভারতের বহু জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে রয়েছেন নানা পাটেকর, রীমা লাগু, অশোক সরাফ, বিক্রম গোখলে, নীনা কুলকার্নি, ভারতী আচরেকর এবং বন্দনা গুপ্তে।
Advertisement
ভারতীয় থিয়েটারের ভাষা, নির্মাণশৈলী ও অভিনয়ের ধারা বদলে দেওয়ার পেছনে বিজয়া মেহতার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে ভারতীয় মঞ্চনাট্য হারাল এক প্রবাদপ্রতিম ব্যক্তিত্বকে, যার সৃজনশীলতা ও কর্মযজ্ঞ আগামী প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করে যাবে।
এমএমএফ