দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিল ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী শবনম মুশতারীকে দেখতে রাজধানীর ধানমন্ডির বাসভবনে গেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে তার চিকিৎসায় ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
Advertisement
শনিবার (৪ জুলাই) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অসুস্থ শিল্পীর খোঁজখবর নিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রী তার বাসভবনে গিয়ে দীর্ঘক্ষণ পাশে অবস্থান করেন। তারা শিল্পীর শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে সান্ত্বনা দেন।
সাক্ষাৎকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর জরুরি চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।
এ সময় শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার সায়েলা খানম এবং শিল্পীর পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
Advertisement
নজরুলসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শবনম মুশতারী ১৯৯৭ সালে একুশে পদকে ভূষিত হন। এছাড়া ২০১৫ সালে তিনি জাতীয়ভাবে নজরুল পুরস্কার লাভ করেন। তিনি কবি তালিম হোসেন এবং কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা।
আরএমএম/এমএএইচ/