চলমান ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এ মিশর ও অস্ট্রেলিয়ার ম্যাচটি অতিরিক্ত সময় শেষে ১-১ সমতায় থাকায় জয়-পরাজয় নির্ধারণের জন্য গড়ায় টাইব্রেকারে।
Advertisement
অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পোপোভিচ সাহসী এক সিদ্ধান্ত নেন। তিনি প্রথম পছন্দের গোলরক্ষক প্যাট্রিক বিচকে তুলে মাঠে নামান অভিজ্ঞ ম্যাথিউ রায়ানকে, যাতে টাইব্রেকারে বাড়তি সুবিধা পাওয়া যায়।
কিন্তু টাইব্রেকার শুরুর ঠিক আগে দেখা যায়, মিশরের খেলোয়াড়রা একটি ট্যাবলেট ঘিরে দাঁড়িয়ে কিলিয়ান এমবাপের একটি পেনাল্টির ভিডিও দেখছেন।
ভিডিওটি ছিল রিয়াল মাদ্রিদের হয়ে এমবাপের নেওয়া একটি স্পট-কিকের, যেখানে গোলপোস্টে ছিলেন লেভান্তের অস্ট্রেলিয়ান এই গোলরক্ষক ম্যাথিউ রায়ান। উদ্দেশ্য ছিল রায়ান পেনাল্টির সময় কোন দিকে ঝাঁপ দেন বা কীভাবে প্রতিক্রিয়া দেখান, সে সম্পর্কে ধারণা নেওয়া।
Advertisement
শেষ পর্যন্ত সেই প্রস্তুতি কাজে দেয়। টাইব্রেকারে অস্ট্রেলিয়ার দুই খেলোয়াড় পেনাল্টি মিস করেন, আর মিশর ৪-২ ব্যবধানে জিতে নিশ্চিত করে শেষ ষোলোর টিকিট, যেখানে তাদের প্রতিপক্ষ হতে চলেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মিশরের অধিনায়ক মোহাম্মদ সালাহর জন্যও এটি ছিল বিশেষ এক রাত। তিনি এখন ভবিষ্যতে আর বিশ্বকাপ খেলবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও দেশের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে জয় পাওয়া দলের অধিনায়ক হিসেবে নিজের নাম লিখিয়ে ফেলেছেন তিনি।
শুক্রবারের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় পায় মিশর। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই ছিল তাদের প্রথম ম্যাচ, আর সেই ম্যাচেই আসে ঐতিহাসিক জয়।
টাইব্রেকারে অতিরিক্ত সময়ের শেষ দিকে বদলি হিসেবে নামা ম্যাথিউ রায়ান মিসরের চারটি শটের একটিও ঠেকাতে পারেননি।
Advertisement
বিশ্বকাপে এটি মিশরের চতুর্থ অংশগ্রহণ। অন্যদিকে, অস্ট্রেলিয়া এখন বিশ্বকাপের নকআউট পর্বে তিন ম্যাচ খেলেও কোনো জয় পায়নি।
শেষ ষোলোতে মঙ্গলবার আটলান্টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে মিশর। অন্য ম্যাচে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা।ম্যাচ শেষে ৩৪ বছর বয়সী সালাহ বলেন, ‘আজকের অনুভূতিটা অবিশ্বাস্য। দলের সবাইকে হাসতে দেখতে আর এই মুহূর্তটা উপভোগ করতেই আমার সবচেয়ে ভালো লাগে। এর সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। তাই আজ আমার জীবনের সেরা দিনগুলোর একটি।’
আরএএইচইউএল/আইএন