দেশজুড়ে

নারায়ণগঞ্জে যুবককে হত্যায় মামলা, ওলামা দলের নেতাসহ আসামি ২১

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম মাসদাইরে ছিনতাইকারী আখ্যা দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে পিটিয়ে মো. সিজান নামে এক যুবককে হত্যার ঘটনায় মামলা করেছেন নিহতের মা শিল্পী বেগম।

Advertisement

সোমবার (৬ জুলাই) ফতুল্লা মডেল থানায় এই মামলা দায়ের করা হয়। মামলায় স্থানীয় মসজিদের ইমাম ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ওলামা দলের নেতাসহ ২১ জনকে আসামি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ দাফনের পর নিহতের মা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হননি। আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন- পশ্চিম মাসদাইরের আল ফালাহ জামে মসজিদের ইমাম ও খেলাফত মজলিসের সদর থানা শাখার সাবেক সহসভাপতি মুফতি কাউছার আহাম্মেদ কাসেমী (৪০), জেলা কমিটির সহসাধারণ সম্পাদক আব্দুল গনি (৫০), জাতীয়তাবাদী ওলামা দলের ফতুল্লা থানার আহ্বায়ক জিলানী ফকির (৫৫), একই এলাকার বাসিন্দা আজহার রাজমিস্ত্রি (৫৫), সাইদুল (৪২) ও আলম (৩৮)। এছাড়াও অজ্ঞাত আরও ১৪ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে।

Advertisement

এর আগে গত শনিবার বিকেলে অনিক (২৮) নামে এক যুবককে মোবাইল চোর সন্দেহে আটকে পশ্চিম মাসদাইরের আল ফালাহ সমাজ কল্যাণ সংগঠনের কার্যালয়ের সামনে মারধর করেন অভিযুক্তরা।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/এএসএম