শিক্ষা

এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫, অনুপস্থিত সাড়ে ৩১ হাজার শিক্ষার্থী

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় চতুর্থদিনের পরীক্ষায় রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। এদিন ৮টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা বোর্ডে ইংরেজি পরীক্ষা নেওয়া হয়েছে। আর কারিগরি শিক্ষা বোর্ডেও ছিল বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন্স বিষয়ের পরীক্ষা।

Advertisement

বন্যা পরিস্থিতির কারণে এদিন চট্টগ্রাম বোর্ডের ৫টি জেলায় কোনো পরীক্ষা হয়নি। তারপরও ১০ শিক্ষাবোর্ডে অনুষ্ঠিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৯৫ জন। যার মধ্যে সাধারণ ৮ শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কার হয়েছেন ৮০ জন। আর মাদরাসা বোর্ডে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন তিনজন এবং কারিগরিতে ১২ জন।

বুধবার (৮ জুলাই) পরীক্ষা শেষে সন্ধ্যায় বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত উপস্থিতি ও বহিষ্কার-সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে বুধবার চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলায় কোনো পরীক্ষা হয়নি। সেখানে মাদরাসা ও কারিগরি বোর্ডের অধীন পরীক্ষাও স্থগিত ছিল।

Advertisement

বাকি বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি বহিষ্কার হয়েছেন কুমিল্লা বোর্ডে। এ বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ২০ জন। এরপরই রয়েছে দিনাজপুর বোর্ড, সেখানে বহিষ্কার হয়েছেন ১৪ জন।

এছাড়া বরিশাল বোর্ডে ১০ জন, ময়মনসিংহে ১০ জন, ঢাকায় ৯ জন, যশোরে ৮ জন, রাজশাহীতে ৭ জন বহিষ্কার হয়েছেন। সবচেয়ে কম বহিষ্কার হয়েছেন সিলেট বোর্ডে। সেখানে অসদুপায় অবলম্বনের দায়ে ২ জনকে বহিষ্কার করা হয়।

মাদরাসা বোর্ডের অধীন ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় বহিষ্কার হয়েছেন তিনজন। আর কারিগরি শিক্ষা বোর্ডে ১২ জনকে বহিষ্কার করা হয়েছে।

বেড়েছে অনুপস্থিতিও

আগের তিনদিনের চেয়ে এদিন অনুপস্থিতিও বেড়েছে। সাধারণ ৮টি শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৫০৬টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৯ লাখ ৬ হাজার ৯২৩ জন। কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৮৮ জন।

Advertisement

এদিন অনুপস্থিত ছিলেন ২৩ হাজার ৭৩৫ জন। গড় অনুপস্থিতির হার ২ দশমিক ৬২ শতাংশ। সাধারণ বোর্ডগুলোর মধ্যে তিন শতাংশের ওপরে অনুপস্থিতি রয়েছে যশোর ও বরিশাল বোর্ডে।

মাদরাসা বোর্ডের অধীন আলিমে ৪২৩ কেন্দ্রে পরীক্ষা হয়েছে। এসব কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৭৪ হাজার ৭৭৫ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৬৯ হাজার ৮১৭ জন। অনুপস্থিত ৪ হাজার ৯৫৮ জন। অনুপস্থিতির হার ৬ দশমিক ৬৩ শতাংশ।

আর কারিগরি বোর্ডের অধীন এইচএসসি (বিএমটি) পরীক্ষায় ৫৮২ কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ৮১ হাজার ১৩১ জন। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৭৮ হাজার ৩১৫ জন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮১৬ জন। অনুপস্থিতির হার ৩ দশমিক ৪৭ শতাংশ।

আগের তিনদিনে বহিষ্কার-অনুপস্থিতি যেমন ছিল

গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। প্রথমদিনে সারাদেশে সব বোর্ড মিলিয়ে বহিষ্কার হয়েছিলেন মাত্র ৭ জন। অনুপস্থিত ছিলেন প্রায় ২৫ হাজার। আর ৪ জুলাই দ্বিতীয়দিনের পরীক্ষায় সারাদেশে বহিষ্কার হন ১৭ জন। অনুপস্থিত ছিলেন ২৭ হাজারের কিছু বেশি।

এছাড়া তৃতীয়দিনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় সারাদেশে বহিষ্কার হন ৪৮ জন। সেই হিসাবে চতুর্থদিনে ইংরেজি দ্বিতীয়পত্রে বহিষ্কারের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। অথচ এদিন চট্টগ্রাম বোর্ডে কোনো পরীক্ষা অনুষ্ঠিতই হয়নি।

এএএইচ/এমএএইচ/