জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, দেশে পুরোনো সংস্কৃতি আবার ফিরে আসতে শুরু করেছে। অথচ ভেবেছিলাম নতুন বাংলাদেশ মানুষের স্বার্থ রক্ষায় কাজ করবে।
Advertisement
শুক্রবার (১০ জুলাই) বিকেলে নাটোর শহরের স্বাধীনতা চত্বরে জুলাই পথযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সারজিস বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু দেশের মানুষের স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত, দলীয়, গোষ্ঠীগত ও প্রাতিষ্ঠানিক স্বার্থ প্রাধান্য পেতে শুরু করেছে। একটি গোষ্ঠী চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে, কেউ জমি দখল করছে, কেউ থানা নিয়ন্ত্রণ করছে, আবার কেউ মাদক ব্যবসাকে প্রশ্রয় দিচ্ছে।
এনসিপির এ নেতা আরও বলেন, আগামী দিনের লড়াই হবে ন্যায় ও অন্যায়ের মধ্যে। কোনো দলের বিরুদ্ধে নয়, জালিম ও মজলুমের প্রশ্নে এই লড়াই হবে। আগামির লড়াই শাসক ও শোষিতের মধ্যকার লড়াই। কারা চাঁদাবাজি করছে, কারা জমি দখল করছে, কারা মাদক ব্যবসাকে প্রশ্রয় দিচ্ছে এবং কারা আড়াল থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে আশ্রয়–প্রশ্রয় দিচ্ছে, তাদের চিরতরে বয়কট করতে হবে। এর বিপরীতে ভালো মানুষকে বেছে নিতে হবে। কে কতটা সৎ, কে নিজের জায়গা থেকে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন এবং কে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবেন, আগামী দিনের নেতৃত্ব তাদের হাতেই থাকা উচিত।
Advertisement
সমাবেশে বক্তব্য দেন এনসিপির নাটোর জেলা আহ্বায়ক আব্দুর মান্নাফ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষার প্রমুখ।
রেজাউল করিম রেজা/এএইচ