পুরোনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) আবুল খায়ের ভূঁইয়া।
Advertisement
তিনি বলেন, দীর্ঘদিন দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় মাদক কারবারিরা নেটওয়ার্ক অনেক গভীরে বিস্তার করেছে। বর্তমান বাস্তবতায় পুরোনো আইন দিয়ে তাদের নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ কারণে মাদক নির্মূলে কার্যকর ও সময়োপযোগী আইন প্রণয়নে সরকার কাজ করছে।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মধ্যসাগরদী জামে মসজিদের সামনে আয়োজিত মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজিবিরোধী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া এমপি বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে সংসদে নতুন মাদকবিরোধী আইন প্রণয়নের জন্য বিল আনা হয়েছে। জুয়ার বিরুদ্ধে কঠোর আইনও করা হচ্ছে। সরকার দীর্ঘমেয়াদিভাবে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে বদ্ধপরিকর।’
Advertisement
বামনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাহারুল আলমের সভাপতিত্বে বাংলাদেশ আইন সমিতির সাংগঠনিক সম্পাদক ও আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান কামরুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া, রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ প্রমুখ।
কাজল কায়েস/এসআর