ধর্ম

স্বামীর পকেট থেকে না বলে টাকা নেওয়া কি জায়েজ?

প্রশ্ন: স্ত্রী কি স্বামীর পকেট থেকে না বলে টাকা নিতে পারবে? এটা কি জায়েজ?

Advertisement

উত্তর: ইসলামী শরীয়তে স্ত্রীর ন্যায্য ভরণ-পোষণ ও মৌলিক চাহিদা পূরণ করা স্বামীর ওয়াজিব কর্তব্য। স্বামী যদি নিজের এই ওয়াজিব কর্তব্য পালন না করেন অর্থাৎ স্ত্রীর ওয়াজিব ভরণ-পোষণের খরচ সঠিকভাবে না দেন বা অতিরিক্ত কৃপণতা করেন, তাহলে স্ত্রী নিজের ও সন্তানদের প্রয়োজন পূরণের জন্য স্বামীর অজান্তেই বা তাকে না জানিয়ে পরিমিত পরিমাণ অর্থ নিতে পারবেন। এটা শরিয়তের দৃষ্টিতে বৈধ এবং এতে স্ত্রী গুনাহগার হবেন না।

উম্মুল মুমিনীন হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, একদিন হজরত হিন্দ বিনতে উতবা (রা.) রাসুলুল্লাহর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কাছে এসে বললেন, হে আল্লাহর রাসুল! আমার স্বামী আবু সুফিয়ান অত্যন্ত কৃপণ ব্যক্তি। তিনি আমাকে ও আমার সন্তানকে প্রয়োজনীয় ভরণ-পোষণ দেন না; বাধ্য হয়ে আমি তাঁর অজান্তে তাঁর সম্পদ থেকে কিছু অর্থ নিয়ে নেই। এ কথা শুনে নবীজি (সা.) বললেন, তুমি প্রচলিত স্বাভাবিক নিয়ম অনুযায়ী তোমার ও তোমার সন্তানের যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু তাঁর সম্পদ থেকে নিতে পারো। (সহিহ বুখারি: ৩৮২৫, সহিহ মুসলিম: ১৭১৪)

তবে এই অনুমতির একটি সুনির্দিষ্ট সীমা রয়েছে। ওয়াজিব বা ন্যায্য ভরণ-পোষণের বাইরে অলংকার কেনা, অতিরিক্ত বিলাসিতা বা নিজস্ব অতিরিক্ত খরচের জন্য স্বামীর অনুমতি ছাড়া তার টাকা নেওয়া নিষিদ্ধ। প্রয়োজনীয় খরচের অতিরিক্ত অর্থ স্বামীর অজান্তে গ্রহণ করা আমানতের খেয়ানত এবং চুরির সমতুল্য কাজ গণ্য হবে।

Advertisement

অন্যদিকে, একটি আদর্শ ও সৌহার্দ্যপূর্ণ দাম্পত্য জীবন প্রতিষ্ঠার ক্ষেত্রে কেবল ওয়াজিব খোরপোষ দিয়েই দায়িত্ব শেষ হয় না। প্রয়োজনীয় ভরণ-পোষণের পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী স্ত্রীকে ‘হাতখরচ’ হিসেবে কিছু অতিরিক্ত অর্থ দেওয়া স্বামীর নৈতিক দায়িত্ব। এতে পরিবারের পারস্পরিক ভালোবাসা ও আস্থা বৃদ্ধি পায়।

হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.) লিখেছেন, স্ত্রীর একটি অধিকার হলো, স্বামী তাকে এমন কিছু অর্থ দেবে, যা সে নিজের ইচ্ছামতো ব্যয় করতে পারে। এর পরিমাণ স্ত্রীর অবস্থা এবং স্বামীর আর্থিক সামর্থ্য অনুযায়ী নির্ধারিত হবে। (মুনতাখাব আনমোল মোতি)

আরেক আলোচনায় তিনি লিখেছেন, নারীদের দ্বীনি ও দুনিয়াবি নানা ছোটখাটো প্রয়োজন দেখা দেয়, অথচ অধিকাংশ নারীর নিজস্ব কোনো আয় বা সম্পদ থাকে না। তাই স্বামীদের উচিত মূল খোরপোষ ও মোহরানার বাইরেও সামর্থ্য অনুযায়ী প্রতি মাসে স্ত্রীকে কিছু অর্থ দেওয়া, যেন তিনি নিজের ইচ্ছেমতো তা ব্যয় করতে পারেন। (তোহফায়ে যাওজাইন)

ওএফএফ

Advertisement