বিনোদন

ভাইরাল সেই শিক্ষিকাকে নিয়ে এবার যা বললেন ‘শ্রাবণের মেঘগুলো’ গানের গায়ক

সিলেটের ফেঞ্চুগঞ্জের এক স্কুলশিক্ষিকার রিল ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্কে এবার মুখ খুলেছেন জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো’র শিল্পী মেজবাহ রহমান। তার মতে, ভিডিওটিতে কোনো নেতিবাচক বা অনৈতিক বিষয় ছিল না।

Advertisement

আরও পড়ুন কঠিন রোগে ভুগছেন আনুশেহ আনাদিল, জানালেন কেন আর গান করেন না

তাই এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষিকার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও উচিত হবে না।

সম্প্রতি ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে...’ গানের সঙ্গে একটি রিল ভিডিও প্রকাশ করেন ফেঞ্চুগঞ্জের শিক্ষিকা বিউটি পাল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা শুরু হয়। এমনকি স্থানীয় কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। তবে তার সহকর্মীসহ অনেকেই শিক্ষিকার পাশে দাঁড়িয়ে একই গানের রিল তৈরি করে সমর্থন জানাচ্ছেন।

এ বিষয়ে মেজবাহ রহমান বলেন, ‘এটা বর্ষা ও প্রকৃতির একটি চিরন্তন গান। ১৯৮৯ সালে আমরা গানটি তৈরি করি, ১৯৯০ সালে প্রকাশ করি। ৩৬ বছর পরও এর আবেদন কমেনি। সাম্প্রতিক সময়ে মানুষ প্রতিবাদের ভাষা হিসেবেও গানটি ব্যবহার করছে, যা আমার কাছে অন্যরকম অনুভূতির।’

Advertisement

শিক্ষিকার রিল নিয়ে তিনি বলেন, ‘শিক্ষকদের সমাজে বিশেষ মর্যাদা রয়েছে। তবে এই রিল ভিডিও নিয়ে যেভাবে সমালোচনা হচ্ছে, তা কাম্য নয়। আমি এখানে কোনো নেতিবাচক বা অনৈতিক কিছু দেখিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এখন আমাদের জীবনেরই অংশ। একটি ভিডিওর একপাশ দেখে কাউকে দোষারোপ করা ঠিক নয়।’

মেজবাহ রহমান আরও বলেন, ‘এ ঘটনাকে কেন্দ্র করে যদি ওই শিক্ষিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়, সেটি সঠিক হবে না। বিষয়টিকে নমনীয়ভাবে দেখা উচিত। কারণ এটি কোনো আপত্তিকর ভিডিও ছিল না।’

এদিকে, শিক্ষিকার ভাইরাল রিলের ঘটনায় বিষয়টি তদন্তে একটি কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলা শিক্ষা বিভাগ। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সোহেল মোল্লা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তদন্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন ‘প্রেশার কুকার’ সিনেমার নায়িকাকে হাত-পা বেঁধে নির্যাতন, যা ঘটেছিলো

উল্লেখ্য, মেজবাহ রহমান জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ-এর প্রধান কণ্ঠশিল্পী। ২০১৬ সালে তিনি ‘তোমার জন্য...’ শিরোনামে প্রথম একক অ্যালবাম প্রকাশ করেন। বর্তমানে সাতটি গান নিয়ে নতুন একটি অ্যালবাম প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন এই শিল্পী।

Advertisement

 

এলআইএ