খেলাধুলা

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

নতুন কুঁড়ি ২০২৫-এর সমাপনী হয়েছে আজ (সোমবার)। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠানে হাজির হয়ে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর নিজের বক্তব্যের শুরুতেই সবাইকে অবাক করেন তিনি। শুরুতেই উপস্থিত সাংবাদিকদের অনুরোধ করেন, নতুন কুঁড়ির সংবাদ যেন লিড নিউজ করা হয়।

Advertisement

প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইভেন্টটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। এই ইভেন্টটা আজকের। যারা প্যান্ডেলের নিচে বসে আছে, যারা গ্যালারিতে বসে আছে, তারা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। আপনাদের কাছে অনুরোধ থাকবে যত নিউজই থাক আগামীকাল আপনাদের সম্প্রচারিত প্রতিষ্ঠানে, আপনাদের পত্রিকায় যদি আজকের এই বাচ্চাদের খেলা... আজকের এই ভবিষ্যৎ যারা আছে তাদের নিউজটা যেন আগামীকাল লিড করা হয়। এটি আমার অনুরোধ রইলো আপনাদের কাছে।’

তিনি আরও বলেন, ‘আশা করি আপনারা কালকের বা রাতের ইলেকট্রনিক মিডিয়াতে আপনারা আমাদের এই ভবিষ্যৎকে তুলে ধরবেন। আমাদের বাংলাদেশ অনেক সমস্যায় আছে। আমরা সেটি অস্বীকার করছি না। কিন্তু এই সমস্যার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশকে আমরা কোথায় নিয়ে যেতে পারব।’

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামে পৌঁছালে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। এরপর মাঠের পাশে বসেই বালিকাদের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি। ফুটবলের পর বালিকাদের ১০০ মিটার দৌড় অনুষ্ঠিত হয়। এরপর বিজয়ীদের পুরস্কার তুলে দেন।

Advertisement

এসকেডি/এমএমআর