মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হতে পারেনি ফিনালিসিমা। বিশ্বকাপের আগে সেটি হওয়ার কথা ছিল। তবে সেই প্রতিযোগিতায় মুখোমুখি হতে যাওয়া দুই দল আর্জেন্টিনা ও স্পেন একে-অপরের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালেই লড়েছে। সেখানে ১-০ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
Advertisement
বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ায় ফিনালিসিমা এখন অপ্রাসঙ্গিক। তবে সেই ম্যাচটি খেলতেই আগ্রহ প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ দলের সদস্য হোসে লোপেজ। বিশ্বকাপ শেষে নিজ ক্লাবে ছুটিতে থাকা এই ফরোয়ার্ড লানুসের ক্লাউসুরা টুর্নামেন্টে সান লরেঞ্জোর বিপক্ষে ১-০ গোলের জয় মাঠে বসে উপভোগ করেন। এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলে জাতীয় দল, বিশ্বকাপ এবং সম্ভাব্য ফাইনালিসিমা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।
লোপেজ বলেন, ‘জাতীয় দলের অংশ হওয়া আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এই দলকে প্রতিনিধিত্ব করতে পারা এবং অবদান রাখতে পারা আমার জন্য অসাধারণ অনুভূতি। আমরা যা অর্জন করেছি, তা কখনো কল্পনাও করিনি।’
বিশ্বকাপ ফাইনালে একেবারেই প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি আর্জেন্টিনা। এরপর ছড়ায় অনেক গুঞ্জনও। তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন লোপেজ। তার ভাষায়, ‘দুর্ভাগ্যজনকভাবে শেষ পর্যন্ত আমরা সফল হতে পারিনি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা করেছি। কোনো অস্বাভাবিক কিছু ঘটেছে। এমন কথা বলা একেবারেই ভিত্তিহীন।’
Advertisement
বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে সম্ভাব্য ফিনালিসিমা নিয়ে লোপেজ বলেন, ‘হ্যাঁ, আমরা স্পেনের বিপক্ষে খেলতে চাই। সেরাদের বিপক্ষে খেলাই তো আসল চ্যালেঞ্জ।’
তিনি আরও জানান, সামনে কোপা আমেরিকার মতো বড় টুর্নামেন্ট রয়েছে। তাই নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি শুরু করতে হবে।
সদ্যসমাপ্ত বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে নামার পাশাপাশি সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালেও মাঠে নেমে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজের জয়সূচক গোলে অ্যাসিস্ট করেন।
আইএন
Advertisement