জাতীয়

কৃষক কার্ড, কর্মসংস্থান ও সেমিকন্ডাক্টরে গুরুত্ব দিচ্ছে সরকার: জাহেদ

কৃষক কার্ড কর্মসূচি, কর্মসংস্থান সৃষ্টি, সেমিকন্ডাক্টর শিল্পে বাংলাদেশের অবস্থান তৈরি ও কক্সবাজারকে সিটি করপোরেশনে উন্নীত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

Advertisement

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

জাহেদ উর রহমান জানান, কৃষক কার্ডের পাইলট কর্মসূচির আওতায় দেশের আট বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে। বর্তমানে পাইলট পর্যায়ে ৫০৩টি উপজেলার ৫০৩টি কৃষি ব্লকে কৃষকদের তথ্য সংগ্রহ চলছে। ২৬ জুলাই পর্যন্ত ৬ লাখ ৭২ হাজার কৃষকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ডের পরই কৃষক কার্ড রয়েছে। এই কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন ধরনের সরকারি সহায়তা ও আর্থিক সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা আছে। একই সঙ্গে কৃষি মন্ত্রণালয় বৃক্ষরোপণ ও খাল পুনঃখনন কর্মসূচি অব্যাহত রেখেছে।

Advertisement

উপদেষ্টা জানান, ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে পণ্য রপ্তানি ৫৫ দশমিক ২ বিলিয়ন এবং সেবা রপ্তানি ৮ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার। উভয় ক্ষেত্রেই ১৫ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে অণু, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ৪৪০ কোটি টাকার বেশি ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ ঋণের ক্ষেত্রে ১০ লাখ টাকা পর্যন্ত কোনো জামানত লাগবে না। ঋণ পরিশোধের সর্বোচ্চ সময় চার বছর এবং ছয় মাস রেয়াতকালসহ ৪৮ মাসে কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে। মোট ঋণের কমপক্ষে ২৫ শতাংশ নারী উদ্যোক্তা এবং ২০ শতাংশ এসএমই ক্লাস্টারের উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করা হবে।

ডা. জাহেদ বলেন, কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। কৃষি খাতসহ বিভিন্ন ক্ষেত্রে প্রণোদনা ও সহজ ঋণের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরির চেষ্টা চলছে।

তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ বিষয়ে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন জাহেদ উর রহমান / শাপলা চত্বরের ঘটনা সরকার উপেক্ষা করবে না, ভালো বিচার হবে

মৎস্য ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, গত সাতদিনে দেশের বিভিন্ন জলাশয়ে ৪ দশমিক ৩৯ মেট্রিক টন রুইজাতীয় মাছের পোনা এবং ১০ দশমিক ৮৭ মেট্রিক টন রেণু পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য আইন বাস্তবায়নে ৮৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ১২১টি অভিযান চালানো হয়েছে। বন্যাকবলিত এলাকায় প্রাণিসম্পদ রক্ষায় টিকাদান কার্যক্রম চলছে এবং ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় ১৫টি উপজেলায় ৮ লাখ ৩৬ হাজার টাকা মূল্যের পশুখাদ্য বিতরণ করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে এবং ভবিষ্যতে এটি বন্ধ করা হবে না।

তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দেশের বিভিন্ন বিমানবন্দর ও রেলস্টেশনে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে। এছাড়া হাওরাঞ্চলে সংযোগ সুবিধা বাড়াতে ১ হাজার ১৯৫টি হটস্পট চালু করা হয়েছে।

ডা. জাহেদ বলেন, বাংলাদেশ সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক প্রতিযোগিতায় অংশ নিতে চায়। এ লক্ষ্যেই সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতি সরকারের অগ্রাধিকারের বার্তা বহন করে।

তিনি উল্লেখ করেন, ক্রীড়া ও সংস্কৃতিকে শুধু বিনোদনের ক্ষেত্র হিসেবে নয়, আয়বর্ধক পেশা হিসেবেও গড়ে তুলতে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যেই সৃজনশীল অর্থনীতি বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ একনেক সভায় ১৪ হাজার ৪৪ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদনের তথ্য তুলে ধরে তিনি বলেন, এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৪৯৪ কোটি ২১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৩ হাজার ৫৫০ কোটি টাকা। এসব প্রকল্পে সড়ক, সেতু, স্বাস্থ্য এবং স্থলভাগে গ্যাস অনুসন্ধান কূপ খননের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ১০ শতাংশ শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ তুলনামূলকভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। কারণ অনেক প্রতিযোগী দেশের ওপর এর চেয়ে বেশি, অর্থাৎ ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। ফলে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের চ্যালেঞ্জ কাটিয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো এখন অনেক ভালোভাবে দায়িত্ব পালন করছে। এসময় জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি।

এমএএস/একিউএফ