সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনে আমরণ অনশনে বসেছেন সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানের পরিবার ও তার স্বজনরা।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুকে গ্রেফতার ও দল থেকে বহিষ্কারের দাবিতে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা।
এর আগে রোববার রাতে ছানোয়ার হোসেন সানু মুঠোফোনে ছাত্রনেতা শাফিন আহমেদ জিসানকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ ও তার বাবা সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নার পা কেটে ফেলার হুমকি দেন।
ওই হুমকি দেওয়ার কল রেকর্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ওই রেকর্ডের মন্তব্যে অনেকেই স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Advertisement
শাফিন আহমেদ জিসানের মা শাপলা আহমেদ সাংবাদিকদের বলেন, ছানোয়ার হোসেন সানু আমার ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা ও স্বামীকে পা কেটে ফেলার হুমকি দিয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগও করেছি। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তাকে গ্রেফতার করেনি। সে গ্রেফতার ও দল থেকে বহিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। আমার ছেলে ও স্বামীকে যে হত্যার হুমকি দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই সন্ত্রাসী গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা এ অনশন কর্মসূচি পালন করবো৷
জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খোদেজা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্না ও বাবা সাবেক ছাত্রনেতা ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্নাসহ পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনরা আমরণ অনশন করছেন। এর আগে একই দাবিতে সোমবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাব হলরুমে তারা সংবাদ সম্মেলন করেন।
এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, মুঠোফোনে হত্যার হুমকির ঘটনায় ওই ছাত্রনেতার মা থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এম এ মালেক/এফএ/জেআইএম
Advertisement