খেলাধুলা

ইংলিশ ফুটবলে গোলরক্ষকদের ‘চুরি’ ঠেকাতে নতুন নিয়ম

ম্যাচের গতি থামানো, কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নেওয়া কিংবা প্রতিপক্ষের ছন্দ নষ্ট করার লক্ষ্যে গোলকিপারের ‘চোটের অভিনয়’ বা অপ্রয়োজনীয় চিকিৎসা নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই প্রবণতা বন্ধ করতে নতুন নিয়ম পরীক্ষামূলকভাবে চালুর পথে হাঁটছে ইংলিশ ফুটবল। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, গোলকিপার মাঠে চিকিৎসা নিলে দলকে সাময়িকভাবে একজন আউটফিল্ড খেলোয়াড় মাঠের বাইরে রাখতে হবে।

Advertisement

ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), প্রিমিয়ার লিগ, ইংলিশ ফুটবল লিগ (ইএফএল), ন্যাশনাল লিগ এবং উইমেন্স সুপার লিগ যৌথভাবে এই পরীক্ষামূলক নিয়ম চালুর বিষয়ে একমত হয়েছে। তবে এটি কার্যকর করতে হলে আন্তর্জাতিক ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি-এর অনুমোদন প্রয়োজন।

চলতি বছরের শুরুতে আইএফএবি বিদ্যমান নিয়ম পরিবর্তন না করার সিদ্ধান্ত নিলেও বিভিন্ন লিগকে পরীক্ষামূলকভাবে নতুন সমাধান যাচাই করার সুযোগ দেয়। সেই সুযোগ কাজে লাগিয়েই ইংল্যান্ডে নতুন এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বিবিসির তথ্য অনুযায়ী, প্রো রেফারির প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব-এর নেতৃত্বে হওয়া আলোচনার পর এই প্রস্তাব সামনে আসে।

Advertisement

নতুন নিয়ম অনুযায়ী, ম্যাচ চলাকালে কোনো গোলকিপার চিকিৎসা নিলে এবং রেফারি চিকিৎসাকর্মীদের মাঠে প্রবেশের অনুমতি দিলে, কোচকে ১০ সেকেন্ডের মধ্যে একজন আউটফিল্ড খেলোয়াড়ের নাম জানাতে হবে, যাকে এক মিনিটের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সেই সিদ্ধান্ত চতুর্থ কর্মকর্তাকে জানাতে হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যদি কোনো খেলোয়াড়ের নাম না দেওয়া হয়, তাহলে দলের অধিনায়ককেই এক মিনিটের জন্য মাঠ ছাড়তে হবে।আইএফএবি অনুমোদন দিলে, নতুন নিয়মের প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হতে পারে ১ আগস্ট কারাবাও কাপের প্রাথমিক পর্বে ট্রানমিয়ার রোভার ও রচডেল-এর ম্যাচে।

সাম্প্রতিক বছরগুলোতে গোলকিপারদের ইচ্ছাকৃতভাবে মাটিতে শুয়ে চিকিৎসা নেওয়ার ঘটনা বেড়েছে। এ সময় সতীর্থরা টেকনিক্যাল এরিয়ার পাশে জড়ো হয়ে কোচের কাছ থেকে কৌশলগত নির্দেশনা নেন। কিছুক্ষণ পর গোলকিপার আবার খেলায় ফিরে আসেন। ফুটবল সংশ্লিষ্টদের মতে, এভাবে ম্যাচের গতি থামিয়ে প্রতিপক্ষের ছন্দ নষ্ট করার প্রবণতা ক্রমেই বাড়ছিল। নতুন পরীক্ষামূলক নিয়মের মাধ্যমে সেই সুযোগ কমিয়ে এনে খেলার ধারাবাহিকতা বজায় রাখাই ইংলিশ ফুটবল কর্তৃপক্ষের মূল লক্ষ্য।

আরআর/আইএন

Advertisement