লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির ৩১ জনের মধ্যে ১৬ নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এতে ওই কমিটি বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
Advertisement
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে কমিটি বিলুপ্ত করা হয়েছে তা সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন বলেন, কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ কমিটি বিলুপ্ত করা হয়। তবে কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।
আরও পড়ুন প্রবাসীদের দিয়ে কমিটির অভিযোগে যুবদলের ১৬ নেতার পদত্যাগজেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণা করার পর কয়েকজন পদত্যাগ করেছে শুনেছি। কিন্তু কোনো পদত্যাগপত্র আমাদের কাছে পৌঁছায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমে পদত্যাগের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ হয়। এটি কেন্দ্রীয় যুবদলের দৃষ্টিগোচর হলে তারা কমিটি বিলুপ্ত করেন।
Advertisement
দলীয় সূত্র জানায়, রোববার (২৬ জুলাই) রাতে ফেসবুকে কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি প্রকাশ করা হয়। এর আগে সম্মেলনও করা হয়েছিল। কমিটি দেওয়ার একদিন পার না হতেই সোমবার (২৭ জুলাই) ৬ যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন পদত্যাগ করেন। টাকা বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি দেওয়া ও প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেন। এছাড়া নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ দুজনই বিদেশ থেকে এসে কমিটি নিয়েছেন বলে দাবি পদত্যাগীদের।
কাজল কায়েস/এনএইচআর/জেআইএম